হাইব্রিড আসরে ১৬টির বেশি দেশের ৭৮৬ দল; ৩৬ ভার্চুয়াল রুমে সম্প্রচার ও ১০০ বিচারকের মূল্যায়ন

ঢাকায় ১৮ নভেম্বর শুরু কোয়ালিটি অলিম্পিক খ্যাত ৫১তম আইসিকিউসিসি সম্মেলন

  • আগামী ১৮–২০ নভেম্বর বিএসটিকিউএম ও ইউএপির যৌথ আয়োজনে ঢাকায় বসছে ৫১তম আইসিকিউসিসি-২০২৬
  • হাইব্রিড আসরে ১৬টির বেশি দেশের ৭৮৬টি দলের মধ্যে ১৪১টি সরাসরি ও ৬৫২টি অনলাইনে অংশ নেবে
  • ৩৬টি ভার্চুয়াল রুম ও ইউটিউবে সম্প্রচারিত এ আয়োজনে পরবর্তী স্বাগতিক ফিলিপাইনের হাতে পতাকা হস্তান্তর হবে।

ঢাকায় ১৮ নভেম্বর শুরু কোয়ালিটি অলিম্পিক খ্যাত ৫১তম আইসিকিউসিসি সম্মেলন
১৬ নভেম্বর, ২০২৬ ১২:০২  

বিশ্বজুড়ে ‘কোয়ালিটি অলিম্পিক’ হিসেবে সমাদৃত ৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬) আগামী ১৮ থেকে ২০ নভেম্বর, বুধবার থেকে শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) যৌথ উদ্যোগে ‘টেকসই উন্নয়নে কিউসিসি’ (QCC for Sustainable Development) প্রতিপাদ্য নিয়ে হাইব্রিড পদ্ধতিতে বসছে এ বৈশ্বিক আসর।

১৬ নভেম্বর, সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চিত্রা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে বাংলাদেশসহ ১৬ থেকে ১৭টি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০টি সার্কেলে ৭৮৬টি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট দল এবং প্রায় ৮ হাজার কিউসিসি সদস্য অংশগ্রহণ করছেন। এর মধ্যে ১৪১টি দল সশরীরে (অনসাইট) এবং ৬৫২টি দল অনলাইনে মাইক্রোসফট টিমসের মাধ্যমে তাদের প্রকল্প ও কেস স্টাডি উপস্থাপন করবে। ইউএপির নিজস্ব উন্নত আইসিটি অবকাঠামোর মাধ্যমে একযোগে ৩৬টি ভার্চুয়াল রুম থেকে এ প্রতিযোগিতা পরিচালিত হবে এবং অনলাইন ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ এর আগে ২০০৮ ও ২০২০ সালে এ আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজন করেছিল। এবার তৃতীয়বারের মতো স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে ২০২০ সালের আসরের তুলনায় অংশগ্রহণের পরিধি প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসটিকিউএম-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ এম এম খায়রুল বাশার, বিএসটিকিউএম-এর সভাপতি ও ৫১তম আইসিকিউসিসি-২০২৬-এর কনভেনর এ কে এম শামসুল হুদা, ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম এবং বিএসটিকিউএম-এর মহাসচিব ও কো-কনভেনর এম এম কবিরসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিশেষ অতিথি থাকবেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক ও বিএসটিকিউএম-এর উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন। উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ (কিনোট স্পিচ) উপস্থাপন করবেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, বুয়েটের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস এম এ হাসিব এবং ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. খন্দকার মাহমুদুর রহমান।

১৯ ও ২০ নভেম্বর গ্রিন রোডের ইউএপি ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো কর্মক্ষেত্রে ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নয়নের কেস স্টাডি উপস্থাপন করবে। দেশি-বিদেশি প্রায় ১০০ জন আন্তর্জাতিক বিচারক এসব প্রকল্প মূল্যায়ন করবেন, যাঁদের অর্ধেকই বাংলাদেশের এবং গত ৩০ অক্টোবর ইউএপিতে বিশেষ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত। সম্মেলনে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাসসহ বাংলাদেশের শিল্প ও সেবা খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

২০ নভেম্বর সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফলাফল ঘোষণা, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসির পতাকা হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ১৯৬০-এর দশকে জাপানে উদ্ভাবিত কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) পদ্ধতি ১৯৭৬ সালে সিউলে আইসিকিউসিসি শুরুর পর বিশ্বজুড়ে ১২ লাখের বেশি কিউসি গ্রুপ গড়ে তুলেছে। সংশ্লিষ্টদের মতে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বিএসটিকিউএম-এর এ আয়োজন বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, ইস্পাত ও সেবা খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।

//ডিবিটেক/এসএমপি/এমএসআই/এমভিএনও//