গুগল ম্যাপসে স্বেচ্ছাসেবীদের বারো বছরের অবদান

৩০০তম মিটআপে ১২ বছর উদযাপন বাংলাদেশ লোকাল গাইডসের

  • ১৫৪ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজন
  • প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটি গড়ে উঠেছে
  • গুগল ম্যাপস নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

৩০০তম মিটআপে ১২ বছর উদযাপন বাংলাদেশ লোকাল গাইডসের
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:১৪  

গুগল ম্যাপসের তথ্যের নির্ভুলতা ও হালনাগাদে স্বেচ্ছাসেবী অবদানের ১২ বছর পূর্ণ করল বাংলাদেশ লোকাল গাইডস। একই সঙ্গে ৩০০তম মিটআপ উদযাপন করেছে কমিউনিটিটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৫৪ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে গুগল ম্যাপসের তথ্য উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং ডিজিটাল ম্যাপিং নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা হয়। প্রায় ১৪ হাজার সদস্যের এই কমিউনিটি ভবিষ্যতে স্থানীয় পর্যটন, ক্ষুদ্র ব্যবসা ও প্রতিবন্ধীবান্ধব স্থানের তথ্য মানচিত্রে যুক্ত করার কাজ আরও বিস্তৃত করতে চায়।

১৪ নভেম্বর, শনিবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসকেরা অংশ নেন।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান ছিল ম্যাজেস্টিক, বিস্টর লিমিটেড, জয় বক্স, কোডার্সহাব, টাইমস পিআর, মেনস ওয়ার্ল্ড, মক্কা গেটওয়ে, রাঙ্গাবতী, যুবরাজ পাঞ্জাবি, দি অ্যাবিস, আইয়ার ও নাসিফ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন।

সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের অর্জনও তুলে ধরা হয়। মাহাবুব হাসান, গাজী সালাউদ্দিন, মাহবুব ইসলাম ও সোনিয়া খোরশেদসহ কমিউনিটির কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে গুগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপস ব্যবহার ও তথ্য হালনাগাদ নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান, মানসম্মত পর্যালোচনা ও ছবি প্রকাশ, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং প্রতিবন্ধীবান্ধব স্থান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। কমিউনিটির কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান। কানেক্ট লাইভ সম্মেলনের অভিজ্ঞতা বিনিময় পর্ব পরিচালনা করেন সৈয়দ নাঈম রোমান ও সজল কুমার দাস।

মাহাবুব হাসান জানান, ২০১৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি এখন প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, ৩০০তম মিটআপের সঙ্গে জড়িয়ে আছে ১২ বছরের স্মৃতি, বন্ধুত্ব এবং শেখা ও শেখানোর অভিজ্ঞতা।

তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, গুগল ম্যাপসের তথ্যের মানোন্নয়ন, স্থানীয় পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবে কমিউনিটি।

২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে কমিউনিটির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। এর সদস্যরা গুগল ম্যাপে নতুন স্থান যুক্ত করেন, ভুল তথ্য সংশোধন করেন এবং সড়কের তথ্য হালনাগাদ করেন। পাশাপাশি বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের ছবি-ভিডিও প্রকাশ, ঠিকানা, যোগাযোগের তথ্য ও সময়সূচি যুক্ত করার কাজ করেন। প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থার তথ্যও তাঁরা মানচিত্রে যুক্ত করেন।

২০১৬ সালে ৫০তম মিটআপ উদযাপনের মধ্য দিয়ে বিশেষ মাইলফলক মিটআপ আয়োজনের ধারাটি শুরু হয়। এরপর ১০০তম, ১৫০তম, ২০০তম ও ২৫০তম মিটআপ উদযাপন করে কমিউনিটি। এবার ৩০০তম মিটআপের মধ্য দিয়ে সেই ধারায় নতুন মাইলফলক যুক্ত হলো।

//ডিবিটেক/এমআরএস/এসসিডিই/এফওইডি//