১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সুশাসন চর্চার স্বীকৃতি

করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি

  • ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ টেলিযোগাযোগ খাতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি
  • ​বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোড ও বিধিবিধান প্রতিপালনে বিশেষ সাফল্যের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়
  • ​বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত থেকে পুরস্কারের ট্রফি গ্রহণ করেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম

করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি
১৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৪  

করপোরেট সুশাসন চর্চায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ সম্মাননা প্রদান করে।

১৬ নভেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে করপোরেট সুশাসন চর্চায় বিশেষ সাফল্য দেখানো পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট সকল বিধিবিধান যথাযথভাবে মেনে চলার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। এ সময় মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন রবির অ্যাসোসিয়েট ডিরেক্টর (কোম্পানি সেক্রেটারিয়েট) মো. শহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা আখতার খান এবং জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিকী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ।

​আইসিএসবি সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস অ্যাওয়ার্ড প্রদানের নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

​//ডিবিটেক/জেডএইচআই/এসএমপি/এমভিএনও//