নতুন নীতিমালা প্রণয়নে সাত দিনের সময়সীমা
বিটিআরসির নতুন চেয়ারম্যানের সামনে নীতিমালা সংস্কারের কাজ
- ২০২৫ সালের নীতিমালা পর্যালোচনায় পাঁচ সদস্যের কমিটি
- ২০২৬ সালের নতুন নীতিমালার খসড়া তৈরির দায়িত্ব
- সাত কার্যদিবসের মধ্যে খসড়া জমার নির্দেশ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানের নিয়োগের দিনেই সামনে এসেছে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা পুনর্বিবেচনার গুরুত্বপূর্ণ কাজ। ২০২৫ সালের ‘Telecommunications Network and Licensing Policy’ পর্যালোচনা করে ২০২৬ সালের নতুন নীতিমালার খসড়া তৈরির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে খসড়া জমা দিতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ নভেম্বরের প্রজ্ঞাপনে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে তার নিয়োগ। একই দিনে আগের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার প্রাক্কালে নীতিমালা প্রণয়নের এ উদ্যোগ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক কাঠামো পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে সামনে এসেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ১১ নভেম্বর অফিস আদেশে ‘Telecommunications Network and Licensing Policy, 2025’ পর্যালোচনা এবং ‘Telecommunications Network and Licensing Policy, 2026’-এর খসড়া তৈরির জন্য কমিটি গঠনের কথা বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব (টেলিকম) আয়েশা হককে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিজিএম সৈয়দ আবদুল আজিজ, টেলিযোগাযোগ অধিদফতরের (ডিওটি) আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থাবিষয়ক পরিচালক মো. শরিফিউর রহমান এবং বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক ড. শামসুজ্জোহা। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ।
অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে কয়েকটি গুরুত্বপূর্ণ আইন ও সরকারি নীতিনির্দেশনা পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১; বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০২৬; সচিবালয় নির্দেশমালা, ২০২৪; ২০২৬ সালের সংশোধনীসহ Rules of Business, 1996 এবং সরকারের নির্বাচনী ইশতেহার।
এসব পর্যালোচনার ভিত্তিতে আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব ‘Telecommunications Network and Licensing Policy, 2026’-এর খসড়া প্রণয়ন করবে কমিটি। খসড়াটি সাত কার্যদিবসের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে বিটিআরসি, টেলিযোগাযোগ অধিদফতর, বিটিসিএল এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। ফলে নীতিমালার খসড়া তৈরিতে নিয়ন্ত্রক সংস্থা, সরকারি টেলিকম অপারেটর ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগের সমন্বিত অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
নতুন নীতিমালায় নেটওয়ার্ক পরিচালনা, লাইসেন্স কাঠামো এবং টেলিযোগাযোগ সেবার নিয়ন্ত্রক পরিবেশ কীভাবে নির্ধারিত হবে, তা খসড়া প্রকাশের পর স্পষ্ট হবে। তবে অফিস আদেশে নির্দিষ্ট কোনো লাইসেন্স শ্রেণি, সেবার ধরন কিংবা নীতিগত পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। তাই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা পরিবর্তনের বিষয়টি এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই।
//ডিবিটেক/এসএইচএ/এসসিডিই/এফওইডি//





