বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, বাদ পড়লেন এমদাদ উল বারী

  • বিটিআরসির নতুন চেয়ারম্যান নিয়োগ পেলেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান
  • দায়িত্ব নেওয়ার ২ বছর ২ মাস ৫ দিন পর এমদাদ উল বারীর নিয়োগ বাতিল
  • রোববার সাভার সেনানিবাসে সিগন্যালিং অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় প্রজ্ঞাপন জারি

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান, বাদ পড়লেন এমদাদ উল বারী
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৩  

দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে।

১৫ নভেম্বর, রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৫ নভেম্বর ২০২৬ থেকে বাতিল করা হলো।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের প্রজ্ঞাপন জারির তারিখ (১০ সেপ্টেম্বর ২০২৪) থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত হিসাব করলে ২ বছর ২ মাস ৫ দিন বা মোট ৭৯৬ দিনের মাথায় তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী রবিবার সাভার সেনানিবাসে সিগন্যালিং-সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ বাতিল এবং নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

//ডিবিটেক/এসএইচএ/এসসিডিআরই/এফওইডি//