নতুন ফোল্ডেবল ফোন ও পকেট গিম্বল ক্যামেরা আনছে অপো!

নতুন ফোল্ডেবল ফোন ও পকেট গিম্বল ক্যামেরা আনছে অপো!
১৫ নভেম্বর, ২০২৬ ২১:৩৮  
১৫ নভেম্বর, ২০২৬ ২১:৩৩  

স্মার্টফোনের বাজার ছাপিয়ে এবার পোর্টেবল ক্যামেরা ও নতুন নকশার ডিভাইস তৈরিতে মনোযোগ দিচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। 

সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, ফ্ল্যাগশিপ স্মার্টফোন তালিকায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি চওড়া পর্দার নতুন ফোল্ডেবল ফোন এবং পকেটে বহনযোগ্য গিম্বল ক্যামেরা বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

চীনা প্রযুক্তিবিষয়ক তথ্য প্রকাশকারী ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে জানা গেছে, অপো এমন একটি ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে কাজ করছে, যার পর্দা প্রচলিত ফোল্ডেবল ফোনের চেয়ে বেশ চওড়া হবে। এতে দুই ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। 

ফোনের ভেতরের পর্দায় কোনো ভাঁজের দাগ বা ক্রিজ থাকবে না বলেও ধারণা করা হচ্ছে। এ ছাড়া ছবি তোলার জন্য এতে গিম্বল প্রযুক্তিসহ ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা যুক্ত হতে পারে। ফোনটির কারিগরি প্রস্তুতি ইতিমধ্যে শেষ হলেও কবে নাগাদ এটি বাজারে আসবে, তা এখনো স্পষ্ট নয়।

চওড়া পর্দার আরেকটি ফ্ল্যাগশিপ ফোন
ফোল্ডেবল ফোনের পাশাপাশি সাধারণ নকশার কিন্তু তুলনামূলক চওড়া ১৬:৯ অনুপাতের পর্দাসংবলিত আরও একটি স্মার্টফোন তৈরি করছে অপো। সরু বেজেলের এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর এবং বড় সেন্সরযুক্ত ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। 

তবে এই ডিভাইসটির নাম কিংবা বাজারে আসার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিজেআই ও ইনস্টা৩৬০-কে টেক্কা দিতে গিম্বল ক্যামেরা
ফাঁস হওয়া তথ্যে সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলো পকেট আকারের একটি স্বতন্ত্র গিম্বল ক্যামেরা। চলতি বছরের শেষ দিকেই এটি বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। 

ডিভাইসটি আলোর মুখ দেখলে পোর্টেবল বা কমপ্যাক্ট ক্যামেরার বাজারে জনপ্রিয় ডিজেআই ওসমো পকেট সিরিজ এবং ইনস্টা৩৬০-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে অপো। তবে নতুন এই ক্যামেরার নকশা বা কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ফ্ল্যাগশিপ সিরিজের কৌশলে পরিবর্তন
এদিকে, ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কৌশলেও বড় পরিবর্তন আনছে অপো। জানা গেছে, প্রতিষ্ঠানটি তাদের ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলটি আপাতত স্থগিত করেছে। এর পরিবর্তে ওই ফোনের জন্য তৈরি করা উন্নত ক্যামেরা ও ডিসপ্লে প্রযুক্তি আগামী ফাইন্ড এক্স১১ প্রো ম্যাক্স মডেলে যুক্ত করা হতে পারে। 

নতুন এই ফোনে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, টু-কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ পর্দা এবং ১০০ মেগাপিক্সেলের বর্গাকার সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আল্ট্রা মডেলের জন্য পরিকল্পিত ১০ গুণ অপটিক্যাল জুমের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি এতে নাও থাকতে পারে।

অবশ্য ফোল্ডেবল ফোন, গিম্বল ক্যামেরা কিংবা নতুন ফ্ল্যাগশিপ মডেলের বিষয়ে অপোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র: গ্যাজেটস৩৬০