এআই, রোবোটিক্স ও সেমিকন্ডাক্টর গবেষণায় সক্ষমতা বাড়াতে চুক্তি স্বাক্ষর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগকে সার্ভার দিল গ্রামীণফোন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার প্রদান করল গ্রামীণফোন
- নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত সরঞ্জাম পুনর্ব্যবহারের মাধ্যমে বাড়বে বিভাগের কম্পিউটিং সক্ষমতা
- এআই, মেশিন লার্নিং, সেমিকন্ডাক্টর ও রোবোটিক্স গবেষণার জটিল সিমুলেশন পরিচালনায় সহায়ক হবে এ উদ্যোগ
শিক্ষার্থীদের হাতে-কলমে পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম এবং উচ্চতর একাডেমিক গবেষণায় গতি আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের সাথে এক কৌশলগত পার্টনারশিপ স্থাপন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ উদ্যোগের আওতায় বিভাগটিকে উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
১৬ নভেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, এই যৌথ উদ্যোগ একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের কম্পিউটিং রিসোর্স ও ল্যাব সক্ষমতাকে শক্তিশালী করবে, অন্যদিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হওয়া প্রযুক্তি সরঞ্জামগুলোর পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পুনর্ব্যবহার নিশ্চিত করবে। বর্তমানে ঢাবির ইইই বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান ও গবেষণা পরিচালিত হচ্ছে। গ্রামীণফোনের দেওয়া এই সার্ভারগুলো শিক্ষার্থীদের জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল ডেটাসেট বিশ্লেষণ এবং নতুন মডেল তৈরি ও পরীক্ষার ক্ষেত্রে বাড়তি সক্ষমতা জোগাবে।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. মিনারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. খালেদা আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, "তরুণদের ডিজিটাল এবং এআই দক্ষতায় বলীয়ান করা গ্রামীণফোনের ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমের মূল ভিত্তি। আমাদের নিজস্ব কর্মীদের এআই-এর মাধ্যমে ক্ষমতায়নের 'এআই অ্যান্ড আই' পদক্ষেপের পাশাপাশি আমরা চাই দেশের তরুণরাও উদীয়মান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয় সরঞ্জাম পাক। বিদ্যমান সরঞ্জামের পুনর্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর এবং সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম বলেন, "আধুনিক প্রকৌশল শিক্ষা ও গবেষণায় কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা অপরিহার্য। গ্রামীণফোনের এই সহায়তা আমাদের ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সিমুলেশন ও ডেটা বিশ্লেষণে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের নতুন সুযোগ তৈরি করবে। দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরিতে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।"
//ডিবিটেক/এসএমই/এমআইএসটি/এমভিএনও//





