ভোটের প্রস্তুতি নিতে বলছে ফেসবুকও!

ভোটের প্রস্তুতি নিতে বলছে ফেসবুকও!
৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:১৭  

‘আগামী ১২ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের ভোটিং সম্পর্কিত সরকারি তথ্য দেখুন। ফ্রেন্ডদের নির্বাচনের দিনের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করার জন্য এই তথ্য শেয়ার করুন।’ 

৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত থেকে এ ধরনের বার্তা পাচ্ছেন বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা। সেখানে মূলত আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ব্যবহারীদের অবগত করছে ফেসবুক। এতে মূলত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। 

বার্তায় ব্যবহারকারীদের ভোট দেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে ওই সময় পর্যন্ত কতজন বাংলাদেশি ব্যবহারকারী ২০২৬ সালের জাতীয় নির্বাচন-সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন, তা উল্লেখ করা হচ্ছে বার্তায়। 

এমন বার্তা পেয়ে ব্যবহারকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, এটা কী সরকারি অর্থায়নে ফেসবুক প্রচার করছে কি না? কেউ আবার এ ধরনের বার্তা ও তথ্য দেখতে ক্লিক করার ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা নিয়েও সংশয় প্রকাশ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এবার জাতীয় নির্বাচন নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। মাঠের প্রচার-প্রচারণার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে প্রচারণাটা বেশি। এ কারণে নির্বাচন বা ভোট ট্রেন্ডিংয়ে রয়েছে। বিষয়টিকে আরও বেশি ক্যাশ করতে ফেসবুক এ ধরনের বার্তা ব্যবহারকারীদের দিয়ে সামাজিকমাধ্যমের প্রচারণায় উৎসাহিত করছে। 

তবে  ফেসবুকের ভোটের বার্তাটির স্ক্রিনশট শেয়ার করে কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘ফেসবুকে নির্বাচনি প্রচার! বুঝলাম না জোকার (মার্ক জাকারবার্গ) ভাই ফ্রি করছে, নাকি ইউনূস (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) ভাই টেকাটুকা ডলারে কনভার্ট করে দিছে!’ কেউ আবার পোস্টটি শেয়ার করে ক্যাপশনে জানাতে চেয়েছেন, ‘দেশে নির্বাচন হচ্ছে, ফেসবুকে বুঝতে পারছে! ফেসবুক এটা আমাকে শেয়ার করতে বললো। এই আপডেট কেউ পেয়েছেন? 

ডিবিটেক/এফবিসি/এমইউএম