বিমানবন্দরে ওয়াই-ফাই, কমবে ইন্টারনেট খরচ

  • আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে
  • ইন্টারনেট ব্যয় কমানো ও ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে
  • এআই, সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেটে নতুন প্রকল্প গতিশীল হবে

বিমানবন্দরে ওয়াই-ফাই, কমবে ইন্টারনেট খরচ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১২  

আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা সম্প্রসারণ এবং ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমানোর পরিকল্পনার পাশাপাশি দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের অব্যবহৃত সম্পদ পুনরায় কার্যকর করা, ডাক বিভাগের আধুনিক পার্সেল সেবার পরিধি বাড়ানো এবং শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর, বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী ও সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশ নেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর বিদ্যমান জনবল, কার্যাবলি, সাম্প্রতিক উল্লেখযোগ্য সফলতা ও অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদীয় কমিটিকে অবহিত করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ডাটা ও তরঙ্গ ব্যবস্থাপনা, দেশীয় টেলিযোগাযোগ শিল্প, ডাক বিভাগের পার্সেল সেবা এবং দেশজুড়ে ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়।

আলোচনায় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা, ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএলের অব্যবহৃত সম্পদ কার্যকর করা এবং ডাক বিভাগের পার্সেল সেবার পরিমাণ ও পরিধি বাড়ানোর বিষয় উঠে আসে। সাধারণ মানুষের ভূমি সেবা পাওয়ার মান উন্নয়ন এবং ডাক বিভাগের ডাটাবেজে দেশের সব স্তরের নাগরিকের নির্ভুল ঠিকানা সংরক্ষণের ব্যবস্থার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডিজিটাল সেবা নিশ্চিত করা, এআই-সক্ষম বাংলাদেশ গঠন এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সার্বক্ষণিক কলসেন্টারের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ সরাসরি নিষ্পত্তি, সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

তরুণ ও নতুন প্রজন্মকে প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জোর দেওয়ার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকারি টেলিফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সেবার মান উন্নত করে গ্রাহকবান্ধব করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ ও সুপারিশ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন সব প্রধান দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ইএনটি/ডিপিও/এসএমপি//