প্রশাসনের নীরবতার প্রতিবাদ

চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে মিছিল

  • চুয়েটে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল
  • উপাচার্য আবু সাদাত সায়েমকে পুনর্বহালের দাবিতে নবম দিনের কর্মসূচি
  • প্রশাসনের সাড়া না পাওয়ার অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের

চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে মিছিল
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের চলমান সংকটের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে কালো কাপড় ব্যবহার করেন।

৩০ সেপ্টেম্বর বুধবার  দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের নীরবতার প্রতিবাদ হিসেবেই চোখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি পালন করেছেন তারা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র-সংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, “আমরা প্রায় নয় দিন ধরে চুয়েটে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এবং কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদেই আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের নীরবতার প্রতিবাদ জানিয়েছি।”

//ডিবিটেক/তানভীর আহমদ/এসএমই/এমআইএসটি//