বিশ্বতালিকায় ১০০১–১২০০ ব্যান্ড

টাইমস হায়ার এডুকেশন দেশসেরা যবিপ্রবি

  • THE World University Rankings 2027-এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে যবিপ্রবি
  • বিশ্বতালিকায় ১০০১–১২০০ ব্যান্ডে অবস্থান করেছে যবিপ্রবি
  • গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষে অগ্রগতির প্রতিফলন দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

টাইমস হায়ার এডুকেশন দেশসেরা যবিপ্রবি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১  

গবেষণা, পাঠদান, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সংযোগ ও আন্তর্জাতিক সম্ভাবনার মতো সূচকে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নকারী টাইমস হায়ার এডুকেশনের World University Rankings 2027-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বতালিকায় ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে অবস্থান করে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। THE জানিয়েছে, ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে ১১৮টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

৩০ সেপ্টেম্বর, বুধবার টাইমস হায়ার এডুকেশনের নিজস্ব ওয়েবসাইটে World University Rankings 2027 প্রকাশের পর এ তথ্য জানা যায়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, তারা চান ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পরিবারকে এগিয়ে নিতে সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এই অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য।

তিনি বলেন, ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাবেন।

র‌্যাঙ্কিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবিপ্রবিকে এগিয়ে নিতে তারা কাজ করবেন।

টাইমস হায়ার এডুকেশন বিভিন্ন মানসম্মত কর্মদক্ষতা সূচক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে। ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে মোট ১৭টি সূচক পাঁচটি মূল ক্ষেত্রে সংগঠিত—শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাত এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

২০২৬ সালের THE World University Rankings-এও যবিপ্রবি ১০০১–১২০০ ব্যান্ডে ছিল। ওই সংস্করণে বিশ্ববিদ্যালয়টির গবেষণার মান সূচকে ৭৪.৮ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে ৪৭.৬ স্কোর ছিল।

//ডিবিটেক/এনএইচজেএনপি/এসএমই/ডিপিও//