ওপেনএআইয়ের নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ সোল’

ওপেনএআইয়ের নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ সোল’
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪  
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৯  

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণাকারী শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘ডেভ ডে’-তে নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ সোল’ উন্মোচন করেছে। 

জিপিটি-৬ সোল চালুর মাত্র এক সপ্তাহের মাথায় আনা এই নতুন মডেলটি কোডিং, কম্পিউটার পরিচালনা এবং জটিল প্রাতিষ্ঠানিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’র কাছাকাছি পারফর্ম করে। 

নতুন এই সংস্করণের সবচেয়ে বড় প্রযুক্তিগত আকর্ষণ হলো, এটি অ্যাস্ট্রার প্রায় সমমানের মেধা দিতে সক্ষম হলেও এর ইনপুট ও আউটপুট টোকেন খরচ স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে পাঁচভাগের একভাগে নেমে এসেছে।

নিরাপত্তা উদ্বেগ ও পারফরম্যান্সের অগ্রগতি
অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তা সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় বহুল প্রতীক্ষিত ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’র মুক্তি আপাতত বাতিল করেছে ওপেনএআই। পরীক্ষার সময় মডেলটিতে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার প্রবণতা এবং অনুমতি ছাড়া স্বপ্রণোদিতভাবে কাজ সম্পন্ন করার ঝুঁকি থাকায় গবেষকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে জিপিটি-৬.১ সোল মডেলে তথ্যগত নিখুঁত ও জটিল সমস্যা সমাধানের দক্ষতায় বড় অগ্রগতি আনা হয়েছে। সাধারণ তথ্যাগত ভুলের হার ১১.৪ শতাংশ থেকে কমিয়ে ৭.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা ফ্ল্যাগশিপ অ্যাস্ট্রা মডেলের পারফরম্যান্স থেকে মাত্র ১.৯ শতাংশ ব্যবধানে রয়েছে।

নিরাপত্তা ফিচার ও ব্যবহারের সুযোগ
নিজের প্রযুক্তিগত সীমাবদ্ধতা স্বীকার করা এবং নিরাপত্তার কড়াকড়ি মেনে চলার ক্ষেত্রেও জিপিটি-৬.১ সোল আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। অনুমোদিত নয় এমন কোনো পদক্ষেপ না নিয়ে এটি সতর্কতার সঙ্গে ব্যবহারকারীর মূল নির্দেশনা অনুযায়ী বহু-ধাপ বিশিষ্ট কর্মপ্রবাহ সম্পাদন করতে পারে। 

নতুন এই এআই মডেলটি চ্যাটজিপিটি ওয়ার্ক এবং কোডেক্স প্ল্যাটফর্মে প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডু গ্রাহকদের জন্য ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, তবে সাধারণ চ্যাট মোডে এটি যুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।

ডিবিটেক/বিএমটি     ।    সূত্র: টেকক্রাঞ্চ