অক্টোবরের মাঝামাঝি পিছিয়ে যেতে পারে অ্যানথ্রোপিকের আইপিও

অক্টোবরের মাঝামাঝি পিছিয়ে যেতে পারে অ্যানথ্রোপিকের আইপিও
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০  
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারজাতকরণের প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দিচ্ছে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলোর বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটি আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে এই প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা কম। 

তবে আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের কিছুদিন আগেই পুঁজিবাজারে তালিকাভুক্তির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের। 

শেয়ারবাজারের ইতিহাসে নতুন রেকর্ড গঠনের অপেক্ষা
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহের দিকেই অ্যানথ্রোপিক তাদের আইপিও প্রসপেক্টাস প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছিল, যা পুঁজিবাজারে প্রবেশের শেষ ধাপের সূচনা হিসেবে দেখা হয়। 

তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগে এটি সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না। অবশ্য বাজার পরিস্থিতি ও নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনার ওপর ভিত্তি করে এই পরিকল্পনা ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। 

বিনিয়োগকারীদের একাংশের মতে, এই উদ্যোগটির মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলারে পৌঁছাতে পারে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওগুলোর একটি হবে। একই সঙ্গে দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর সাধারণ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ কতটা মজবুত, সেটিরও একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে এটি।

আর্থিক প্রস্তুতি ও শীর্ষ ব্যাংকগুলোর ভূমিকা
আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যানথ্রোপিক বর্তমানে ১ হাজার ৫০০ কোটি বা ১৫ বিলিয়ন ডলারের একটি রিভলভিং ক্রেডিট সুবিধা চূড়ান্ত করার কাজ করছে। এটি সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট আর্থিক বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় বসবে প্রতিষ্ঠানটি। সাধারণত এই ধরণের বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যে প্রসপেক্টাস প্রকাশ করা হলেও অ্যানথ্রোপিকের ক্ষেত্রে সময়সীমা কিছুটা কম হতে পারে, কারণ বাজার বিশ্লেষকেরা আগে থেকেই প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন। 


তবে পুরো প্রক্রিয়াটি নিয়ে অ্যানথ্রোপিক কিংবা সংশ্লিষ্ট ব্যাংকগুলো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

জানা গেছে, মর্গ্যান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস, জেপিমরগ্যান এবং সিটির মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো অ্যানথ্রোপিকের এই আইপিও বাস্তবায়নে কাজ করছে। বাজার বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর মতো অন্যান্য এআই প্রতিষ্ঠানও শেয়ারবাজারে আসার দৌড়ে রয়েছে। 

চলতি বছরের জুনে রেকর্ড ১.৭৭ ট্রিলিয়ন ডলার মূল্যায়নে ইলন মাস্কের স্পেসএক্স পুঁজিবাজারে পা রাখার পর অ্যানথ্রোপিকের এই পদক্ষেপকে আন্তর্জাতিক অর্থনীতি ও প্রযুক্তি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স