তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি ডুজার

ঢাবি: তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬) এর প্রাসঙ্গিক বিধান যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা, এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা […] The post তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি ডুজার first a

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি ডুজার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাবি: তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬) এর প্রাসঙ্গিক বিধান যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা, এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূউর-ডর্‌প-এর যৌথ উদ্যোগে ‘তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত বাধ্যবাধকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে ডর্‌পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেবা আফরোজা উপস্থাপনাপত্র উপস্থাপন করেন।

উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশ তামাক ব্যবহার করে এবং বিপুলসংখ্যক মানুষ কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করে। একই সময়ে প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে দ্য ল্যানসেট-এর এক গবেষণায় উঠে এসেছে।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী ২০২৬)-এর বিভিন্ন প্রাসঙ্গিক বিধান তুলে ধরা হয়। আইনের ধারা ৪ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ এবং এসব স্থানে নির্ধারিত ধূমপান এলাকা রাখার সুযোগ নেই।

এ ছাড়া আইনের ধারা ৬(খ) অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান কার্যকর করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, একটি তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; আইনের বিধান কার্যকর করার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রয়োজনীয় ‘ধূমপান নিষেধ’ চিহ্ন স্থাপন, তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করা এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) এ ক্ষেত্রে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে। ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার অগ্রগতি তুলে ধরা, আইন ও জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা, ক্যাম্পাসের তামাক নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী ও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া উদ্যোগ গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে ডুজা ভূমিকা রাখতে পারে বলে সভায় আলোচনা হয়।

এ সময় তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়। তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা ও জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তথ্যভিত্তিক সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়মিত অনুসরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উঠে আসে।

সভায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোসাইন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

The post তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি ডুজার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.