ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে আইনি নোটিশ
ঢাকা: দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরফতানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রফতানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক […] The post ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে আইনি নোটিশ first appeared on Sarabangla | Breaking News |

ঢাকা: দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরফতানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রফতানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।
এতে আরও দাবি করা হয়, দেশের বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রফতানি করা হয়েছে। এছাড়া ভারতীয় কিছু আমদানিকারক বাংলাদেশ থেকে ইলিশ কিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরফতানি করে মুনাফা করছেন বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়, এভাবে ইলিশ পুনঃরফতানি করা হলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে। এ বিষয়ে সংবিধানের ২১(১) অনুচ্ছেদে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের দায়িত্বের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানির বিষয়ে কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়িয়ে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া এবং মধ্যস্বত্বভোগী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে সরাসরি ইলিশ রফতানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
The post ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে আইনি নোটিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





