মেটার নতুন উদ্যোগ ‘এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’: প্রধান হচ্ছেন মঙ্গোডিবি সিইও
বিশ্বজুড়ে কর্পোরেট ও ব্যবসায়ী গ্রাহকদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামে নতুন এক বাণিজ্যিক উদ্যোগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা।
সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ এই প্রতিষ্ঠান নতুন এই প্ল্যাটফর্ম পরিচালনার জন্য ডাটাবেস সফটওয়্যার খাতের জায়ান্ট ‘মঙ্গোডিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন ‘সিজে’ দেসাইকে নিয়োগ দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে উন্মোচিত মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’-এর সফলতার ধারাবাহিকতায় এবার প্রাতিষ্ঠানিক বাজারে নিজেদের এআই প্রযুক্তির বাণিজ্যিক প্রসার ঘটাতে চাইছে তারা।
এআই ইকোসিস্টেম ও আয়ের নতুন পথ
নতুন এই উদ্যোগের আওতায় প্রাতিষ্ঠানিক গ্রাহক ও ডেভেলপারদের জন্য মেটার সম্পূর্ণ এআই প্রযুক্তি ইকোসিস্টেম উন্মুক্ত করা হবে। এর মধ্যে থাকবে মিউজ, মেটা বিজনেস এজেন্ট, মিউজ এপিআই এবং মিউজ কোড-এর মতো শক্তিশালী এআই টুলসমূহ।
প্রযুক্তি খাতে এআই উদ্ভাবনে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের পর এবার বাণিজ্যিক সেবা চালুর মাধ্যমে বড় ধরনের রাজস্ব আয়ের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। মেটার আশা, তাদের এই এআই মডেল ও এজেন্টগুলো বিশ্বজুড়ে লাখ লাখ বিজ্ঞাপনদাতা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা ও যোগাযোগের ধরন আমূল বদলে দেবে।
মঙ্গোডিবির শেয়ারবাজারে ধাক্কা ও অন্তর্বর্তী নেতৃত্ব
চিফ এক্সিকিউটিভ চিরন্তন দেসাইয়ের আকস্মিক মেটায় যোগদানের খবরে পুঁজিবাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে মঙ্গোডিবি।
সংবাদটি প্রকাশের পরপরই কোম্পানিটির শেয়ারের দাম ১৭ শতাংশের বেশি কমে যায়। উদ্ভূত পরিস্থিতিতে স্থায়ী সিইও নির্বাচনের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সাবেক সিইও দেব ইত্থিচেরিয়াকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে পুনরায় দায়িত্ব দিয়েছে।
বিশ্বজুড়ে কর্পোরেট খাতে এআই সেবা বিস্তারের লড়াইয়ে মেটার এই নতুন কৌশল প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





