প্রযুক্তি, মেধা ও বিনিয়োগে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান
সিলিকন ভ্যালিতে 'বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ' অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সিলিকন ভ্যালির প্রযুক্তি বিশেষজ্ঞদের বৈঠক।
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই, সেমিকন্ডাক্টর ও সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম নিয়ে আলোচনা।
- প্রাথমিক শিক্ষা, প্রযুক্তি ডিপ্লোমেসি এবং স্টার্টআপ ইকোসিস্টেমে বিনিয়োগের বিষয়ে গুরুত্বারোপ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, ফিনটেক ইনোভেশন ও টেকসই ভ্যালু চেইন গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সিডার হলে অনুষ্ঠিত হলো 'বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ'। "বাংলাদেশ-এর ভবিষ্যতের জন্য প্রযুক্তি, মেধা ও অংশীদারিত্ব" (Technology, Talent and Partnerships for Bangladesh’s Future) শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেরিত এক বিশেষ প্রতিনিধিদল অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রযুক্তিবিদ, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন। লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান পরিচালনা করেন। যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ; এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ডায়ালগে এআই সংক্রান্ত সেশনে বক্তব্য রাখেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শরিফা সুলতানা, উবারের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং এনভিডিয়ার (NVIDIA) গবেষক ড. মোস্তফা পাটোয়ারী। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজের ড. মাহবুব রাশেদ সেমিকন্ডাক্টর শিল্প ও ইকোসিস্টেমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
ইউসি ডেভিস-এর ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফ ইসলামের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ক্রেডো সেমিকন্ডাক্টরের ড. শতিল হক, এক্সো (Exo)-র সহ-প্রতিষ্ঠাতা ড. ইউসুফ হক, ইনটেল বোর্ডের সাবেক চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক সিইও ড. ওমর ইশরাক, উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান এবং ক্লাউডএইআই (CloudAEye)-এর ড. বদরুল সারওয়ার।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বিএইআর (BAER) সামিটসহ সাম্প্রতিক নানা উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষা, গবেষণা ও শিল্প খাতের মধ্যে সমন্বয়ের তাগিদ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তি হস্তান্তর ও কৃষিখাতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রেণী কক্ষে এআই ও ডিজিটাল টুলের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের কথা জানান। সমাপনী বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফিসকাল পলিসি ও বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সরকার কীভাবে প্রযুক্তি খাতকে তরান্বিত করবে তা পর্যালোচনা করা হবে।
//ডিবিটেক/এ্মএমএ/এসএমই/এমআইএসটি//





