নিয়মিত পিসি রিস্টার্ট দিলে কী লাভ?

নিয়মিত পিসি রিস্টার্ট দিলে কী লাভ?
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৬  
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩  

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে একটি বহু পুরোনো ধারণা রয়েছে যে প্রতিদিন কিংবা নিয়মিত ব্যবধানে পিসি রিস্টার্ট বা রিবুট করা উচিত। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে উইন্ডোজ চালিত কম্পিউটারের ক্ষেত্রে অন্তত সপ্তাহে একবার রিস্টার্ট দেওয়া অত্যন্ত সুফলদায়ক। 

দীর্ঘক্ষণ কম্পিউটার চলার ফলে এর মেমোরি বা র‍্যামে বিভিন্ন অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড প্রসেসের অপ্রয়োজনীয় তথ্য বা ক্যাশ ফাইল জমা হতে থাকে। এর ফলে পিসির স্বাভাবিক গতি কমে যায় এবং ড্রাইভারে নানা কারিগরি জটিলতা তৈরি হয়। 

পুরোপুরি রিস্টার্ট দেওয়ার মাধ্যমে কম্পিউটারের সাময়িক মেমোরি বা সিস্টেম মেমোরি একদম পরিষ্কার হয়ে যায়। এটি কেবল পিসির কর্মক্ষমতাই বাড়ায় না, বরং মেমোরিতে সাময়িকভাবে লুকিয়ে থাকা বিভিন্ন ক্ষতিকর মালওয়্যার বা নিরাপত্তা ঝুঁকি দূর করতেও সাহায্য করে। 

তবে উইন্ডোজের ‘ফাস্ট স্টার্টআপ’ ফিচারটির কারণে সাধারণ নিয়মে পিসি শাটডাউন করলেও মেমোরি পুরোপুরি খালি হয় না। এই সুবিধাটি দ্রুত চালুর জন্য কার্নেল ফাইল সাময়িকভাবে সেভ করে রাখে। তাই মেমোরি পরিষ্কার করে একদম নতুন সেশন পেতে উইন্ডোজের সরাসরি ‘রিস্টার্ট’ অপশন নির্বাচন করা অথবা কিবোর্ডের ‘শিফট’ কী চেপে ধরে শাটডাউন করা প্রয়োজন। 

বিভিন্ন সফটওয়্যার, ড্রাইভার কিংবা অপারেটিং সিস্টেমের নিরাপত্তা প্যাচ হালনাগাদ করার পর পিসি রিস্টার্ট দেওয়া অপরিহার্য। এতে ফাইলগুলোর পুরোনো তথ্য মুছে গিয়ে নতুন আপডেট সঠিকভাবে সক্রিয় হয়। 

তবে আধুনিক ‘আর্ম’ প্রসেসরভিত্তিক ল্যাপটপ বা স্মার্টফোনের ক্ষেত্রে ঘন ঘন রিস্টার্ট দেওয়ার প্রয়োজন কিছুটা কম হয়, কারণ সেগুলো দীর্ঘ সময় সচল রাখার উপযোগী করে তৈরি। তা সত্ত্বেও উইন্ডোজ পিসির যেকোনো সাধারণ সমস্যা সমাধান ও গতি বজায় রাখতে নিয়মিত রিবুট করার কোনো বিকল্প নেই।

ডিবিটেক/বিএমটি