ঢাবির নেতৃত্বে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, ১০ বিশ্ববিদ্যালয়ের ১৮ গবেষক নিয়ে ক্রেস্ট ২০২৭
সেমিকন্ডাক্টর গবেষণায় নতুন উদ্যোগ সিলিকন রিভারের
- সিলিকন রিভার বাংলাদেশের প্রথম ‘ইয়েস কোলাবোরেটিভ রিসার্চ সেন্টার’ পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামকে নির্বাচন করেছে
- ক্রেস্ট ২০২৭ কর্মসূচিতে ১০ বিশ্ববিদ্যালয়ের ১৮ গবেষক ১১টি প্রকল্পে কাজ করবেন
- উন্নত মেমোরি, এজেন্টিক এআই, থ্রিডি ইন্টিগ্রেশন, আরআইএসসি-ভি, কোয়ান্টাম ইলেকট্রনিকস ও ফোটোনিকস গবেষণায় গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে সেমিকন্ডাক্টর গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দুটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সিলিকন রিভার বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ইয়েল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমসের (ইয়েস) সহযোগিতায় একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এবং ১০ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে ক্রেস্ট ২০২৭ কর্মসূচি রয়েছে।
৩০ অক্টোবর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
ঢাবির নেতৃত্বে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র
সিলিকন রিভার বাংলাদেশ তাদের প্রথম ‘ইয়েস কোলাবোরেটিভ রিসার্চ সেন্টার’ (ওয়াইসিআরসি) পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম নির্বাচন করেছে। এতে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি (টিইউ ডেলফট)।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইয়েল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস (ইয়েস) উন্নত চিপ উৎপাদন ও প্যাকেজিং প্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর সরঞ্জাম সরবরাহ করে। প্রতিষ্ঠানটি তাদের জি১০০০ প্লাজমা প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে গবেষণা কেন্দ্রে সহযোগিতা করবে।
এই কেন্দ্রের লক্ষ্য সেমিকন্ডাক্টর গবেষণা, ডিজিটাল টুইন প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির প্রশিক্ষণ এগিয়ে নেওয়া। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহযোগিতাভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলার একটি মডেল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের সম্ভাবনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলিকন রিভার ইয়েস এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. জিয়া করিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
ক্রেস্ট ২০২৭-এ ১০ বিশ্ববিদ্যালয়ের ১৮ গবেষক
সিলিকন রিভার বাংলাদেশের উদ্যোগে ২০২৫ সালে চালু হওয়া ‘সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অন সেমিকন্ডাক্টর টেকনোলজি’ (ক্রেস্ট) এবার নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলার জন্য নির্বাচিত ১১টি গবেষণা প্রকল্পে ১০টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক অংশ নেবেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)।
নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সহায়তায় পরিচালিত এই কর্মসূচিতে উন্নত মেমোরি প্রযুক্তি, এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), থ্রিডি ইন্টিগ্রেশন, আরআইএসসি-ভি অ্যাকসেলারেটর, কোয়ান্টাম ইলেকট্রনিকস ও ফোটোনিকস নিয়ে গবেষণা হবে।
গবেষকদের কাজের মান ও অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক-পরামর্শক, প্রতি তিন মাসে পর্যালোচনা এবং সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চের সম্পৃক্ততা রাখা হবে। এর মাধ্যমে দেশীয় সেমিকন্ডাক্টর গবেষণার সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতের উদ্ভাবক তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সিলিকন রিভারের পরিকল্পক মুহাম্মদ মুস্তফা হুসাইনের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগ কেবল কয়েকটি গবেষণা প্রকল্পে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সক্ষমতা গড়ে তোলা, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়িয়ে একটি জাতীয় উদ্ভাবনী পরিবেশ তৈরি করাই এর বৃহত্তর লক্ষ্য।
//ডিবিটেক/এমএইচপি/এসএমপি/এমআইএসটি//





