জরুরি এসওএস বাটনসহ এলো নোকিয়া ২৩৬০ ফ্লিপ

জরুরি এসওএস বাটনসহ এলো নোকিয়া ২৩৬০ ফ্লিপ
১ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪  

প্রবীণ নাগরিক ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সম্পূর্ণ ব্যবহারবান্ধব ও নিরাপদ ডিজাইনে নতুন ফ্লিপ ফোন ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। ক্ল্যামশেল বা ভাঁজ করা ডিজাইনের এই ডিভাইসটিতে দুটি ডিসপ্লে এবং জরুরি যোগাযোগের জন্য একটি ডেডিকেটেড এসওএস বাটন যুক্ত করা হয়েছে।

ফ্যামিলি অ্যাসিস্ট ও জরুরি সুরক্ষা ব্যবস্থা
নতুন এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ‘ফ্যামিলি অ্যাসিস্ট’ ফিচার। এর মাধ্যমে পরিবারের নির্দিষ্ট সদস্যরা দূর থেকেই ফোনটির বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন- ফোনে নতুন কন্টাক্ট নম্বর যুক্ত করা, রিংটোন বা ভলিউম নিয়ন্ত্রণ করা কিংবা দৈনিক বিভিন্ন কাজের রিমাইন্ডার সেট করার মতো জরুরি কাজগুলো সরাসরি ফোন স্পর্শ না করেই সম্পন্ন করা সম্ভব।

এছাড়া ফোনের পেছনের অংশে যুক্ত করা হয়েছে একটি নির্দিষ্ট এসওএস বাটন। যেকোনো বিপদের মুহূর্তে এই বাটনে দীর্ঘক্ষণ চাপ দিলেই স্বয়ংক্রিয়ভাবে পূর্বনির্ধারিত নম্বরে জরুরি কল চলে যাবে এবং একই সঙ্গে সর্বোচ্চ পাঁচটি নম্বরে এমার্জেন্সি অ্যালার্ট মেসেজ পৌঁছে যাবে।

স্পেসিফিকেশন ও কানেক্টিভিটি
ডিভাইসটির ভেতরে রয়েছে ২.৮ ইঞ্চির প্রধান ডিসপ্লে এবং বাইরের অংশে নোটিফিকেশন বা সময় দেখার জন্য ১.৭৭ ইঞ্চির একটি সেকেন্ডারি ডিসপ্লে। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে এতে রয়েছে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের রিমুভেবল বা পরিবর্তনযোগ্য ব্যাটারি।

সাধারণ ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে কিউভিজিএ ক্যামেরা, লাউডস্পিকার, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ৪ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং এফএম রেডিও। তবে সংযোগের ক্ষেত্রে ডিভাইসটিতে কেবল টুজি সেলুলার নেটওয়ার্ক সুবিধা রাখা হয়েছে, যার ফলে যেসব দেশে টুজি নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, সেখানে এর ব্যবহার সীমিত হতে পারে।

বারগান্ডি রেড, চারকোল এবং টিল- এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে আনা হবে। তবে এইচএমডি গ্লোবাল এখনও ডিভাইসটির আনুষ্ঠানিক বাজারমূল্য এবং বিক্রির সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র: জিএসএম এরিনা