পিএইচপির দুই ত্রুটিতে সতর্কতা
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- জরুরি নিরাপত্তা সমস্যায় ওয়েবসাইট বন্ধ রাখার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র
- পিএইচপির দুটি গুরুতর ত্রুটির পর সাইবার হামলার ঝুঁকি পর্যালোচনা চলছে
- বিজিডি ই-গভ সার্টের উচ্চ সতর্কতার মধ্যেই ওয়েবসাইট বন্ধের বিষয়টি সামনে এসেছে
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে ওয়েবসাইটটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট উচ্চ সতর্কতা জারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার বিষয়টি সামনে এসেছে।
২২ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সমস্যা নয়; বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে ওয়েবসাইটটি চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে জানানো হয়েছে, সেবাটি বর্তমানে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই আবার চালু করা হবে।
ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় বলা হয়েছে, ‘আমাদের সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শিগগিরই অনলাইনে ফিরে আসব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।’
তবে ঠিক কী ধরনের নিরাপত্তা সমস্যা দেখা দিয়েছে, কখন থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এবং এটি পুরোপুরি সচল হতে কত সময় লাগতে পারে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ওয়েবসাইটে প্রবেশের সময় কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সংস্করণসংক্রান্ত একটি বার্তাও দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য উইন্ডোজ ১০ বা এর পরবর্তী সংস্করণ প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট কম্পিউটারে উইন্ডোজ ৭ ব্যবহৃত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
তবে অপারেটিং সিস্টেমসংক্রান্ত এই বার্তার সঙ্গে ওয়েবসাইট বন্ধ থাকার নিরাপত্তাজনিত সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
//ডিবিটেক/বিবিআরজে/এসএমই/এফওইডি//





