মালয়েশিয়া বিমানবন্দরে ১২ মিলিয়ন ডলারের এআই চিপ জব্দ

মালয়েশিয়া বিমানবন্দরে ১২ মিলিয়ন ডলারের এআই চিপ জব্দ
২৮ অক্টোবর, ২০২৬ ১৯:৫২  

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রি ট্রেড জোনে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৯৫ লাখ রিংগিত বা ১২ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ।

গত ১৫ অক্টোবরের এই আকস্মিক পরিদর্শনে ৩০টি উন্নত সার্ভার ইউনিট উদ্ধার করা হয়, যেগুলোর ভেতরে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপগুলো অত্যন্ত সুকৌশলে লুকানো ছিল। বিমানবন্দরের কাস্টমস পরিচালক আসপালিলা আগ তুয়াহ এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

জালিয়াতির কৌশল ও চোরাচালান চক্র
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালানটি এশিয়ার অন্য একটি দেশ থেকে এসেছে এবং বাণিজ্য অনুমতিপত্র ছাড়াই আরেকটি দেশে পুনঃরপ্তানির উদ্দেশ্যে মালয়েশিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক রপ্তানি নিষেধাজ্ঞা ও কড়াকড়ি এড়াতে চালানটির নথিপত্রে ভুয়া তথ্য দিয়ে সাধারণ ‘ইলেকট্রনিক কম্পোনেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই চোরাচালানের সঙ্গে জড়িত স্থানীয় একটি সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, গত জুনে ব্যর্থ হওয়া একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গেই এই চালানের সম্পৃক্ততা রয়েছে, যারা এর আগে প্রায় ১০ কোটি রিংগিত মূল্যের চিপ পাচারের অপচেষ্টার সঙ্গে যুক্ত ছিল।

মার্কিন ভূ-রাজনীতি ও কঠোর নজরদারি
যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত প্রযুক্তি ও এআই সেমিকন্ডাক্টর সরবরাহ বন্ধে ওয়াশিংটনের কঠোর ভূ-রাজনৈতিক চাপের মুখে, মালয়েশিয়া গত বছর মার্কিন মূলের এআই চিপ রপ্তানি ও ট্রানজিটের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছিল।

মালয়েশিয়ার প্রধান বিমানবন্দরকে ট্রানজিট চ্যানেল হিসেবে ব্যবহার করে বৈশ্বিক নিষেধাজ্ঞা বাইপাস করার এই চেষ্টার পর, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল এবং চিপ সুরক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় গোয়েন্দা নজরদারি ও কড়াকড়ি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স