সার্ভার সচল নিয়ে অনিশ্চয়তা

তিন বছর আগের নোটিশে আটকে কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট?

  • ২০২৩ সালের সার্ভার বন্ধের নোটিশ এখনো দেখা যাচ্ছে ২০২৬ সালে
  • অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অনলাইন আবেদন কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে
  • সার্ভার সমস্যার বিষয়ে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন উপপরিচালক

তিন বছর আগের নোটিশে আটকে কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট?
২৩ অক্টোবর, ২০২৬ ১৮:৫৬  

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে তিন বছর আগের সার্ভার বন্ধের নোটিশ দেখতে পাচ্ছেন সেবাগ্রহীতারা। ২০২৩ সালের ১৮ মে বিকেল ৪টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকার ঘোষণা ২০২৬ সালেও ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন সেবার তদারকি ও হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতাদের প্রশ্ন, সার্ভার কবে স্বাভাবিক হবে?

ট্রাস্টের অনলাইন আবেদন পোর্টাল apps.ngte-welfaretrust.gov.bd-এর হোমপেজে এখনো লেখা রয়েছে, সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ২০২৩ সালের ১৮ মে বিকেল ৪টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে। নোটিশে সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে।

নোটিশটিতে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন সার্ভার আপগ্রেডেশন কাজ চলছে। আগামী ১৮/০৫/২০২৩ খ্রি. বিকাল ০৪.০০টা পর্যন্ত সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এ ট্রাস্টের মাধ্যমে প্রাপ্য কল্যাণ সুবিধা পেতে আবেদন করেন। তাই আবেদন পোর্টালে তিন বছর আগের নোটিশ প্রদর্শিত হওয়ায় অনলাইন আবেদন কার্যক্রম বর্তমানে সচল কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি ওয়েবসাইটের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, সে প্রশ্নও উঠেছে।

সেবাগ্রহীতারা সার্ভারের বর্তমান অবস্থা, অনলাইন আবেদন কার্যক্রম সচল আছে কি না এবং পুরোনো নোটিশটি এখনো সরানো হয়নি কেন—এসব বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, ঘরে বসেই চাকরিকালীন কল্যাণ ট্রাস্টের যে পাওনা রয়েছে, তা পেতে আবেদন করতে গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে হোম পেজে থাকা অনলাইন আবেদন লিংকে গিয়ে ক্লিক করতেই সাইট আপডেটের নোটিশ ঝুলতে দেখছি।  ফলে আবেদনটি করতে পারছি না। এটা যেমনটা দুর্ভোগের, তেমনটা বিস্ময়েরও।  

এ বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উপপরিচালক মুহাম্মদ আবদুর রহিম জানিয়েছেন, আগামী রবিবার পর্যন্ত সার্ভারের সমস্যা থাকতে পারে। তবে ২০২৩ সালের ১৮ মে পর্যন্ত সার্ভার বন্ধ থাকার নোটিশ এখনো ওয়েবসাইটে প্রদর্শিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

সার্ভারের সমস্যার প্রকৃতি, অনলাইন আবেদন কার্যক্রমের বর্তমান অবস্থা এবং পুরোনো নোটিশ সরানোর বিষয়ে ট্রাস্টের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

//ডিবিটেক/আইএইচ/এমআইএস/এমভিএনও//