গ্রুপ স্ট্যাটাসসহ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো চারটি নতুন ফিচার

গ্রুপ স্ট্যাটাসসহ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো চারটি নতুন ফিচার
১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮  

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপ চ্যাট ব্যবস্থাকে আরও সুবিধাজনক ও কার্যকর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা এই নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘গ্রুপ স্ট্যাটাস’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ২৪ ঘণ্টা স্থায়ী বিশেষ স্ট্যাটাস দিতে পারবেন, যা মূল স্ট্যাটাস তালিকার বাইরে সাধারণ পরিচিতদের চোখে পড়বে না।

গ্রুপ মেসেজিং ও স্ট্যাটাসে বড় রদবদল
হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী, যেকোনো গ্রুপ সদস্য চাইলে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের জন্যই আলাদা স্ট্যাটাস আপডেট পোস্ট করতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতো এগুলোও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে গ্রুপের অন্য সদস্যরা সরাসরি সেই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানাতে বা নিজস্ব আপডেট যুক্ত করার সুযোগ পাবেন।

এর পাশাপাশি গ্রুপে বার্তা পিন করে রাখার নিয়মে আনা হয়েছে বড় পরিবর্তন। পূর্বে একটি নির্দিষ্ট সময়সীমা মেনে মেসেজ পিন করতে হতো, তবে এখন থেকে কোনো বাধ্যবাধকতা ছাড়াই যেকোনো গুরুত্বপূর্ণ বার্তা স্থায়ীভাবে পিন করে রাখা যাবে।

পুরোনো মেসেজ দেখার সুযোগ ও নতুন ফিল্টার
গ্রুপে নতুন কোনো সদস্য যুক্ত হওয়ার পর তাঁকে আগের বার্তার হিস্ট্রি দেখানোর সুবিধাটি আরও সহজ করা হয়েছে। এখন নতুন সদস্য যুক্ত হওয়ার পর চ্যাট তালিকা থেকে তাঁর নামের ওপর ট্যাপ করেই সুবিধাজনক সময়ে পুরোনো চ্যাটের নির্দিষ্ট অংশ শেয়ার করা সম্ভব হবে।

একই সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত একটি চ্যাট ফিল্টার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে এমন সব আনরিড গ্রুপ চ্যাট এক জায়গায় দেখতে পাবেন, যেখানে তাঁদের বিশেষভাব ট্যাগ করা হয়েছে, মেনশন দেওয়া হয়েছে কিংবা সরাসরি কোনো বার্তার উত্তর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ ব্যবহারের অভিজ্ঞতায় স্বচ্ছতা ও গতি আনতেই মূলত পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এই ফিচারগুলো চালু করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র: জিএসএম এরিনা