চীনা স্টার্টআপের সঙ্গে মেটার হিউম্যানয়েড রোবট ‘ম্যাক্স’

চীনা স্টার্টআপের সঙ্গে মেটার হিউম্যানয়েড রোবট ‘ম্যাক্স’
১ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬  

প্রযুক্তি জায়ান্ট মেটা চীনা রোবোটিক্স স্টার্টআপ ‘ফুরিয়ার’ এর সঙ্গে যৌথভাবে তাদের প্রথম প্রোটোটাইপ মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট তৈরি করেছে। মার্কিনভিত্তিক প্রযুক্তিমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর বরাতে জানা গেছে, মেটা ইতিমধ্যেই এই রোবটের প্রথম সংস্করণের কাজ সম্পন্ন করেছে এবং দ্রুতই এর দ্বিতীয় সংস্করণ তৈরির প্রস্তুতি শুরু করেছে। 

তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনটির সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

রোবটের প্রযুক্তিগত বৈশিষ্ট্য
অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০৬ পাউন্ড বা ৪৮ কেজি ওজনের এই প্রোটোটাইপ রোবটটির সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘ম্যাক্স’। মেটা ও ফুরিয়ারের প্রকৌশলীরা মাত্র তিন মাসের তীব্র প্রচেষ্টায় এই রোবটটি অ্যাসেম্বল বা সফলভাবে একত্রিত করতে সক্ষম হন। মূলত চীনা প্রতিষ্ঠান ফুরিয়ারের মূল হার্ডওয়্যার কাঠামোর ওপর ভিত্তি করেই প্রোটোটাইপটি গড়ে তোলা হয়েছে।

গৃহস্থালি সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা
মেটার নিজস্ব ‘মিউজ’এআই এজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ভৌত রূপ বা শারীরিক কাঠামো হিসেবে কাজ করবে এই মানবাকৃতির রোবটগুলো। বাসাবাড়িতে দৈনন্দিন কাজকর্মে পারদর্শিতা বাড়াতে এবং ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য প্রযুক্তিটি ল্যাব প্রজেক্ট থেকে বের করে বাণিজ্যিক পণ্য হিসেবে উন্মোচনের লক্ষ্যেই এই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বর্তমানে ডিভাইসটি প্রাথমিক গবেষণামূলক ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই এর বাণিজ্যিক উন্মোচনের কোনো সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও মার্কিন-চীন চিপ বাণিজ্যের টানাপোড়েনের মধ্যে চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তা নিয়ে মেটার গোপন রোবোটিক্স প্রকল্প নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।    সূত্র: রয়টার্স