তরঙ্গ নবায়ন, এআই ও জরিমানা

বিটিআরসি’র ৩১২তম কমিশন সভায় যে ১৬ সিদ্ধান্ত গ্রহণ

  • তিন অপারেটরের ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের ১৫ বছরের ভিত্তিমূল্য নির্ধারণ
  • রবির এআই ভয়েসবট পরীক্ষায় ছয় মাসের অনুমোদন, তথ্য সুরক্ষায় কঠোর শর্ত
  • ডিআইএসে তথ্য না দেওয়ায় ১১৬ আইএসপির বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের জরিমানা

বিটিআরসি’র  ৩১২তম কমিশন সভায় যে ১৬ সিদ্ধান্ত গ্রহণ
২৯ অক্টোবর, ২০২৬ ০৯:১১  
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০  

তরঙ্গ নবায়নের মূল্য নির্ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাহকসেবার পরীক্ষামূলক ব্যবহার এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তিন মোবাইল অপারেটরের মেয়াদ শেষ হতে যাওয়া ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের ১৫ বছরের ভিত্তিমূল্য নির্ধারণ, রবির এআইভিত্তিক ভয়েসবট ব্যবহারে ছয় মাসের অনুমোদন এবং ডেটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) তথ্য জমা না দেওয়া ১১৬টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা এসব সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য। পাশাপাশি বকেয়া আদায়ে কয়েকটি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করা, লাইসেন্স ও তরঙ্গ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসির ৩১২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার, ১৪ অক্টোবর অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এবং কমিশনার মাহমুদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ ও আব্দুর রাহমান সরদার।

কমিশন সভার কার্যবিবরণী অনুযায়ী, স্পেকট্রাম ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, সিম নিবন্ধন, টেলিযোগাযোগ লাইসেন্স, রাজস্ব আদায়, নিরীক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক বিষয়সহ মোট ১৬টি সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

তিন অপারেটরের ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) ১১০তম সভার সুপারিশ পর্যালোচনা করে তিন মোবাইল অপারেটরের মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া তরঙ্গের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। গ্রামীণফোনের ৩২.৪ মেগাহার্টজ, রবির ২২.৪ মেগাহার্টজ এবং বাংলালিংকের ২৪.৪ মেগাহার্টজ—সব মিলিয়ে ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের বর্তমান মেয়াদ ১০ নভেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা।

পরামর্শক ও গবেষণা কমিটির সুপারিশের ভিত্তিতে ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে:

  • ৯০০ মেগাহার্টজ ব্যান্ড: ২৩৭ কোটি টাকা।
  • ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড: ১৯৮ কোটি টাকা।
  • ২১০০ মেগাহার্টজ ব্যান্ড: ১৭২ কোটি টাকা।

অপারেটরগুলোর বিদ্যমান লাইসেন্সের মেয়াদ ১০ মার্চ ২০৩৯ পর্যন্ত থাকায় অবশিষ্ট ১২ বছর চার মাসের ভিত্তিতে আনুপাতিক হারে বা প্রো-রাটা পদ্ধতিতে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে। নির্ধারিত মূল্য আটটি সমান কিস্তিতে পরিশোধের প্রস্তাব অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন হিসেবে উল্লেখ করা ‘অ্যামটব’ (AMTOB) মূল্য কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সংগঠনটির দাবি, বাংলাদেশে তরঙ্গের দাম এখনো বৈশ্বিক গড়ের দ্বিগুণ। তারা নবায়ন ফি আরও কমানো এবং বার্ষিক তরঙ্গ চার্জ পুরোপুরি প্রত্যাহারের জন্য বিটিআরসির কাছে আবেদন জানিয়েছে। প্রস্তাবটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

অন্যান্য তরঙ্গ বরাদ্দ, নবায়ন ও বাতিল

স্পেকট্রাম ব্যবস্থাপনার আওতায় সরকারি, বেসরকারি ও সম্প্রচার প্রতিষ্ঠানের বিভিন্ন আবেদন অনুমোদন, শর্তসাপেক্ষে অনুমোদন অথবা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • স্পারসো: নিজস্ব আন্তঃযোগাযোগ ও নিরাপত্তার জন্য ইউএইচএফ ব্যান্ডে ৪০৭.০৭৫০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

  • সেম্বকর্প নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি: সিরাজগঞ্জের বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ যোগাযোগে ৪১৬.০৫০০/৪২৬.০৫০০ মেগাহার্টজের এক জোড়া তরঙ্গ বরাদ্দ নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে অনুমোদন করা হয়েছে।

  • ইসলাম নীট ডিজাইন লিমিটেড: গাজীপুরে প্রতিষ্ঠানটির দুটি কারখানার মধ্যে যোগাযোগের জন্য ইউএইচএফ ব্যান্ডে ৪১৭.৩২৫০/৪২৭.৩২৫০ মেগাহার্টজের এক জোড়া তরঙ্গ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

  • মিনার্ভা মিডিয়া লিমিটেড (লাইভ টিভি): স্যাটেলাইট সম্প্রচারে ছয় মেগাহার্টজ তরঙ্গ ও যন্ত্রপাতি ব্যবহারের সাময়িক অনুমতিপত্রের মেয়াদ ২৩ আগস্ট ২০২৭ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

  • এমজিএইচ মিডিয়া লিমিটেড (ওয়াদা টিভি): স্যাটেলাইটভিত্তিক সংবাদ চ্যানেলের জন্য ছয় মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে অনুমোদন করা হয়েছে।

  • অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ (এআরএসবি): দুর্যোগকালীন জরুরি যোগাযোগে ব্যবহারের জন্য রিপিটার আমদানির অনুমোদনের আগে প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন বা সংশ্লিষ্টতার দলিলপত্র পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রাশিয়ান ফেডারেশন থেকে পারমাণবিক জ্বালানি সড়কপথে নিরাপদে পরিবহনের সময় বাংলাদেশ পুলিশের জরুরি যোগাযোগের জন্য ইউএইচএফ ব্যান্ডের চার জোড়া তরঙ্গ সাময়িক বরাদ্দের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

  • ৩৬ মিডিয়া লিমিটেড (টিভি নেক্সট): সম্প্রচার সরঞ্জাম ব্যবহারের সাময়িক অনুমতির মেয়াদ ২৩ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানোর বিষয়ে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

  • চিটাগাং অনলাইন লিমিটেড: প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ গিগাহার্টজ ব্যান্ডে বরাদ্দ করা ২০ মেগাহার্টজ তরঙ্গ ১ জানুয়ারি ২০২৭ থেকে বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে।

  • এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড: কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ইউএইচএফ ব্যান্ডের তরঙ্গ বাতিল এবং রেডিও সরঞ্জাম সিলগালা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

  • বিদেশি বিমানে ইন্টারনেট সেবা: ভায়াস্যাটকে বাংলাদেশের আকাশসীমায় বিদেশি বিমানে কা-ব্যান্ড ব্যবহার করে ইন-ফ্লাইট কানেক্টিভিটি (আইএফসি) সেবা দেওয়ার অনাপত্তি অনুমোদন করা হয়েছে। এ জন্য ১৯টি শর্ত পূরণ এবং বছরে দুই হাজার মার্কিন ডলার রাজস্ব দেওয়ার বিধান রাখা হয়েছে।

রবির এআই ভয়েসবট পরীক্ষায় ছয় মাসের অনুমোদন

রবি আজিয়াটা লিমিটেডকে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের (জিসিপি) মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ভারবেক্স ভয়েসবট’ পরিচালনার জন্য ছয় মাসের পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে বিটিআরসি।

গ্রাহকের তথ্য সুরক্ষায় অনুমোদনের সঙ্গে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য (পিআইআই) বা সম্পূর্ণ কল ডিটেইল রেকর্ড (সিডিআর) দেশের বাইরে স্থানান্তর করা যাবে না। তথ্যের পরিচয় গোপন রাখতে ছদ্মনামকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

এআইভিত্তিক সেবা গ্রহণ গ্রাহকের জন্য সম্পূর্ণ ঐচ্ছিক রাখতে হবে। গ্রাহক চাইলে যেকোনো সময় এআই ব্যবস্থা থেকে মানব গ্রাহকসেবা প্রতিনিধির কাছে যাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে। রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকসেবায় এআইভিত্তিক ভয়েসবট চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে অপারেটরটি।

বিশেষ পরিস্থিতিতে সিম নিবন্ধন ও মালিকানা হস্তান্তর

বিদেশে অবস্থান, আঙুলের ছাপ অস্পষ্ট হওয়া এবং গ্রাহকের মৃত্যুর পর ওয়ারিশের কাছে সিমের মালিকানা হস্তান্তরের মতো বিশেষ পরিস্থিতিতে অনুমোদিত সিম ইস্যু ও মালিকানা পরিবর্তনের তথ্য কমিশনকে জানানো হয়। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে এ ধরনের ২২টি সিম ইস্যু বা মালিকানা হস্তান্তরের ঘটনা সভায় উপস্থাপন করা হয়েছে।

ডিরেক্ট অপারেটর বিলিংয়ের সীমা বৃদ্ধি

রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) লেনদেনের সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সীমা অনুযায়ী, একজন গ্রাহক মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।

২০ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর করা এ ব্যবস্থাকে ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে কমিশন।

এসএসসি ও এইচএসসি ফলাফলের এসএমএস ট্যারিফ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জানাতে শর্ট কোড ১৬১৪০-এর মাধ্যমে পুশ-পুল এসএমএস সেবার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। প্রতি সফল এসএমএসের জন্য ভ্যাট ও কর ছাড়া এক টাকা নির্ধারণের বিষয়ে ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে কমিশন।

স্টারগেট কমিউনিকেশন্সের শেয়ার হস্তান্তর

নেশনওয়াইড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন্স লিমিটেডের শতভাগ শেয়ার নতুন শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তরের প্রস্তাব সরকারের পূর্বানুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সরকার অনুমোদন দিলে নির্ধারিত ৫.৫ শতাংশ হস্তান্তর ফি ও ভ্যাট আদায়ের পর চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।

ডিআইএসে তথ্য না দেওয়ায় ১১৬ আইএসপিকে জরিমানা

বিটিআরসির ডেটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) তথ্য জমা না দিয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ১১৬টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, জবাব এবং তথ্য জমা দেওয়ার অবস্থার ভিত্তিতে জরিমানার পরিমাণ আলাদা করা হয়েছে।

  • জবাব ও তথ্য প্রদানকারী ২৮টি প্রতিষ্ঠান: বিভাগীয় পর্যায়ের প্রতিষ্ঠানকে ২০ হাজার, জেলা পর্যায়ের প্রতিষ্ঠানকে ১০ হাজার এবং উপজেলা বা থানা পর্যায়ের প্রতিষ্ঠানকে দুই হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

  • জবাব দিলেও তথ্য দেয়নি ১৬টি প্রতিষ্ঠান: বিভাগীয় পর্যায়ে ৪০ হাজার টাকা এবং উপজেলা বা থানা পর্যায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জিরোটেক অনলাইন লাইসেন্স সমর্পণ করায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে।

  • জবাব দেয়নি, তবে তথ্য দিয়েছে দুটি প্রতিষ্ঠান: প্রতিটি প্রতিষ্ঠানকে তিন হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

  • জবাব ও তথ্য কোনোটিই দেয়নি ১৯টি প্রতিষ্ঠান: বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার, জেলা পর্যায়ে ২৫ হাজার এবং উপজেলা বা থানা পর্যায়ে ছয় হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

  • ডিআইএসে অনিবন্ধিত এবং জবাব দেয়নি ৩৭টি প্রতিষ্ঠান: বিভাগীয় পর্যায়ে ৭০ হাজার, জেলা পর্যায়ে ৩৫ হাজার এবং উপজেলা বা থানা পর্যায়ে আট হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • অনিবন্ধিত হলেও জবাব দিয়েছে ১৪টি প্রতিষ্ঠান: নেশনওয়াইড পর্যায়ের এশিয়া ইনটেলকে এক লাখ ৫০ হাজার, জেলা পর্যায়ের প্রতিষ্ঠানকে ৩০ হাজার এবং উপজেলা বা থানা পর্যায়ের প্রতিষ্ঠানকে সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিটিএসপি নবায়ন ফি ও ব্যাংক গ্যারান্টি

ইন্টারনেট প্রটোকলভিত্তিক টেলিফোন সেবা প্রদানকারী (আইপিটিএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে লাইসেন্স অধিগ্রহণ ফির সমপরিমাণ নবায়ন ফি ও ব্যাংক গ্যারান্টি নির্ধারণের প্রস্তাবে সরকারের পূর্বানুমোদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী:

  • নেশনওয়াইড: নবায়ন ফি ১০ লাখ টাকা, ব্যাংক গ্যারান্টি ১০ লাখ টাকা।
  • বিভাগীয়—ঢাকা ও চট্টগ্রাম: নবায়ন ফি আট লাখ টাকা, ব্যাংক গ্যারান্টি আট লাখ টাকা।
  • অন্যান্য বিভাগীয়: নবায়ন ফি পাঁচ লাখ টাকা, ব্যাংক গ্যারান্টি পাঁচ লাখ টাকা।

তবে সম্পূর্ণ লাইসেন্স মেয়াদের বার্ষিক ফি অগ্রিম পরিশোধ করলে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে।

এমএনপি অপারেটর ইনফোজিলিয়নের জরিমানা

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতা ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেড বারবার নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অনাদায়ী পাঁচ কোটি এক লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের বকেয়া আদায় ও ব্যান্ডউইথ সীমা

টেলিবাংলা কমিউনিকেশন্স: প্রতিষ্ঠানটিকে সমুদয় বকেয়া ১৫ শতাংশ বিলম্ব ফিসহ চারটি কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। কিস্তি পরিশোধের সময়সীমা নভেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭।

ব্যান্ডউইথ সীমিতকরণ: নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক, আমরা নেটওয়ার্কস ও সরকার কমিউনিকেশনের ৫০ শতাংশ আইপিটিএসপি সেবা সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। তবে কমিশন সভার পর আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক ও সরকার কমিউনিকেশন বকেয়া পরিশোধ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

কার্যক্রম শুরু না করা প্রতিষ্ঠান: আন্তরঙ্গ, বিজনেস নেটওয়ার্ক, স্কাইভিউ, ডট ইন্টারনেট ও গ্লোবাল ভয়েস—এই পাঁচটি আইপিটিএসপি প্রতিষ্ঠানের লাইসেন্সের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যব্যবস্থা নিরীক্ষা

বিটিআরসির চলমান তথ্যব্যবস্থা নিরীক্ষা (আইএস অডিট) কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিরীক্ষা সম্পন্ন করতে নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইআইজি অপারেটরদের অপ্রদর্শিত ব্যান্ডউইথের বকেয়া

অপ্রদর্শিত ব্যান্ডউইথের বকেয়া পরিশোধে আর্থ টেলিকমিউনিকেশনকে ৭১.২৬ লাখ টাকা এবং সাইবারগেটকে ৩৩.১৯ লাখ টাকা ১৫ শতাংশ বিলম্ব ফিসহ পাঁচটি কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। পিয়ারেক্স নেটওয়ার্কসকে বকেয়া পরিশোধের জন্য আরও এক মাস সময় দেওয়া হয়েছে। বিটিসিএলের বকেয়া পরিশোধের তাগিদপত্র পাঠানোর পাশাপাশি অন্য ১১টি খেলাপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাইসেন্সিং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির ৩৮ কর্মকর্তার উচ্চতর গ্রেড

চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী একই পদে সন্তোষজনকভাবে আট বছর পূর্ণ করায় বিটিআরসির বিভিন্ন বিভাগের ৩৮ কর্মকর্তাকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম গ্রেডে উন্নীত হবেন। এ সিদ্ধান্তের আওতায় বকেয়াসহ আর্থিক সুবিধাও দেওয়া হবে।

বিভাগীয় আপিলের সিদ্ধান্ত

বিশেষায়িত স্পেকট্রাম মনিটরিং গাড়ির অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গাড়িচালক মোঃ ফারুক হোসেনের বিভাগীয় আপিল পুনর্বিবেচনা করেছে কমিশন। পুনর্বিবেচনার পর এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত রাখার দণ্ড বহাল রাখা হয়েছে। তবে মূল বেতন তিন ধাপ অবনমনের শাস্তি কমিয়ে এক ধাপ অবনমন করা হয়েছে।

ফাইবার@হোমের জরিমানা বহাল

অনুমোদন ছাড়া ‘সাইক্লোন প্রজেক্ট’ চালুর দায়ে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ফাইবার@হোম লিমিটেডের ওপর আগে আরোপ করা পাঁচ লাখ টাকা প্রশাসনিক জরিমানা বহাল রেখেছে কমিশন। প্রতিষ্ঠানটিকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

তরঙ্গের মূল্য, তথ্য সুরক্ষা ও জবাবদিহিতে নজরদারি

বিটিআরসির ৩১২তম কমিশন সভার সিদ্ধান্তগুলো দেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘমেয়াদি তরঙ্গ ব্যবস্থাপনা, গ্রাহকসেবার মান এবং আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারের উদ্যোগ তুলে ধরে। ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য নির্ধারণ ভবিষ্যৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফোরজি-ফাইভজি পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত মূল্য নির্ধারণে আনুপাতিক হিসাব এবং সরকারের অনুমোদন প্রয়োজন হবে।

রবির এআইভিত্তিক গ্রাহকসেবা পরীক্ষায় ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য ও সম্পূর্ণ কল রেকর্ড দেশের বাইরে স্থানান্তরে নিষেধাজ্ঞা, তথ্যের ছদ্মনামকরণ এবং মানব প্রতিনিধির কাছে যাওয়ার সুযোগ রাখার শর্ত তথ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে।

অন্যদিকে, ডিআইএসে তথ্য না দেওয়া আইএসপিগুলোর বিরুদ্ধে জরিমানা, বকেয়া পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করা এবং লাইসেন্সের শর্ত ভঙ্গের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি জোরদারের অবস্থান নির্দেশ করে।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমআইএসটি//