রিলস থেকে দীর্ঘ ভিডিও: ফ্রি এআই ভিডিও এডিটিং অ্যাপ
সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস বা শর্টসের মতো ছোট আকারের ভিডিও তৈরিতে ‘ক্যাপকাট’ বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। এই অ্যাপটির বিনামূল্যে দেওয়া ফিচারের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল বা ক্যাপশন যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড বা পেছনের দৃশ্য সরিয়ে ফেলা এবং অডিওর বাড়তি শব্দ দূর করার মতো জটিল কাজগুলো সহজে করা যায়।
তবে ক্যাপকাটের সব এআই ফিচার বিনামূল্যে না-ও মিলতে পারে। অন্যদিকে, কোনো ধারণকৃত ভিডিও ছাড়া কেবল লিখিত চিত্রনাট্য থেকে সরাসরি ভিডিও রূপান্তরের জন্য উপযোগী ‘ইনভিডিও এআই’। কোনো বিষয় বা টেক্সট লিখে দিলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্য, ভয়েসওভার ও সাবটাইটেল সাজিয়ে প্রাথমিক ভিডিও বানিয়ে দেয়।
তবে বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে এতে সীমিত ব্যবহারের সুযোগ এবং এক্সপোর্ট করা ভিডিওর ওপর ওয়াটারমার্ক বা জলছাপ থেকে যাওয়ার সীমাবদ্ধতা রয়েছে।
ইউটিউবারদের জন্য বিশেষ ফিচার
ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য অত্যন্ত কার্যকর একটি বিকল্প হলো ‘ইউটিউব ক্রিয়েট’ মোবাইল অ্যাপ। বিশেষ করে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা ক্রিয়েটরদের জন্য এর অডিও নিখুঁত করার প্রযুক্তি এবং গানের তালের সঙ্গে ভিডিও মেলানোর সুবিধা বেশ দরকারী।
এতে গুগলের জেমিনি চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে সাধারণ নির্দেশ বা প্রম্পট দিয়েই ছোট ভিডিও ক্লিপ তৈরি কিংবা পছন্দমতো ছবি ও ভিডিও দিয়ে প্রাথমিক সম্পাদনার কাজ সেরে ফেলা সম্ভব।
সবচেয়ে বড় সুবিধা হলো, সম্পাদনা শেষে অ্যাপের ভেতর থেকেই সরাসরি ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করা যায়।
পেশাদার ও দীর্ঘ কাজের প্ল্যাটফর্ম
সামাজিক মাধ্যমের ঝটপট ভিডিওর বাইরে দীর্ঘমেয়াদি ও জটিল প্রজেক্টের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ‘দ্যাভিঞ্চি রিজলভ’। কম্পিউটারে ব্যবহারের উপযোগী এই সফটওয়্যারে কালার কারেকশন, সাউন্ড এডিটিং ও নানা ভিজ্যুয়াল ইফেক্টের সমন্বয়ে পুরো একটি দীর্ঘ চলচ্চিত্র, নাটক বা ডকুমেন্টারি সম্পাদনা করা সম্ভব।
তবে সাধারণ মোবাইল অ্যাপগুলোর তুলনায় এর ইন্টারফেস কিছুটা জটিল হওয়ায় কাজ শিখতে সময় বেশি লাগে। এ ছাড়া দ্যাভিঞ্চি রিজলভের অতি উন্নত মানের এআই ফিচারগুলোর বড় একটি অংশ পেতে মূল পেইড বা ‘স্টুডিও’ সংস্করণ ব্যবহার করতে হয়।
ফলে একজন নির্মাতা ঠিক কী ধরনের কাজ করছেন এবং অ্যাপগুলোর ফ্রি সংস্করণে কতটুকু সুযোগ দেওয়া হচ্ছে- সেটি বিবেচনা করেই চূড়ান্ত মাধ্যম বেছে নেওয়া উচিত।
ডিবিটেক/বিএমটি





