এআই সম্প্রসারণে ৯৫ বিলিয়ন ডলার মূলধন তোলার পরিকল্পনায় মেটা

এআই সম্প্রসারণে ৯৫ বিলিয়ন ডলার মূলধন তোলার পরিকল্পনায় মেটা
২৭ অক্টোবর, ২০২৬ ১৩:৪২  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো সম্প্রসারণে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ইকুইটি ফান্ডরাইজিংয়ের ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস। এর মাধ্যমে সর্বোচ্চ ৯৫ বিলিয়ন (৯,৫০০ কোটি) মার্কিন ডলার সংগ্রহের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার মূল্যের কমন ও প্রিফার্ড স্টক বিক্রির প্রক্রিয়া শুরু করেছে মেটা। এর পাশাপাশি, ভবিষ্যতে বাজার থেকে আরও ৬০ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য পৃথক একটি ‘অ্যাট-দ্য-মার্কেট’ শেয়ার সেল প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

চিপমেকারদের বিনিয়োগ ও কৌশলগত সমীকরণ
ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিতে ডেটা সেন্টার ও উন্নত চিপের পেছনে রেকর্ড পরিমাণ অর্থ ঢালছে মেটা। এই বিশাল মূলধন সংগ্রহ প্রক্রিয়ায় প্রযুক্তি খাতের শীর্ষ চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান- এনভিডিয়া, এএমডি এবং ব্রডকম যৌথভাবে ক্লাস এ শেয়ারে সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

তবে মূল গ্রাহকের নতুন মূলধন সংগ্রহে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সরাসরি অর্থ বিনিয়োগের এই ঘটনাকে এআই শিল্পের পুঁজির প্রবাহে একটি ‘বৃত্তাকার ধারা’ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

নগদ অর্থের সংকট ও নতুন ‘ক্লাস সি’ শেয়ার
এআই এবং ক্লাউড কম্পিউটিং খাতে ভবিষ্যতে প্রায় ৮২৫ বিলিয়ন ডলার খরচের প্রতিশ্রুতি দিলেও, এমন আগ্রাসী বিনিয়োগের কারণে মেটার নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২.১২ বিলিয়ন ডলারের নেতিবাচক ফ্রি ক্যাশ ফ্লো (ক্যাশ বার্ন) রিপোর্ট করেছে, যা গত এক দশকের মধ্যে প্রথম।

এই পরিস্থিতি সামাল দিতে আগামী বছরের জানুয়ারি মাসে ভোটাধিকারবিহীন ‘ক্লাস সি’ শেয়ার ইস্যু করার ঘোষণা দিয়েছে মেটা, যা অনেকটা ‘টু-ফর-ওয়ান’ স্টক স্প্লিটের মতো কাজ করবে। এই নতুন শেয়ার কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ভোটাধিকার বা কোম্পানির ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা অক্ষুণ্ন রেখেই নতুন মূলধন সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সম্ভাব্য প্রস্তাবিত বিলিয়নেয়ার সম্পদ কর পরিশোধের জন্য জাকারবার্গকে ক্যালিফোর্নিয়ায় রেখে দিয়েই তার শেয়ার বিক্রির আইনি পথ সুগম করবে এই সমঝোতা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স