মেধা ও পরিশ্রমের সমন্বয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার আহ্বান উপ-উপাচার্যের

যবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

  • কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনদের বরণ
  • প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হাসান
  • পারিবারিক সীমাবদ্ধতা পেরিয়ে স্বপ্নের দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করলেন শিক্ষকেরা

যবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ ১৩:১০  

কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনন্দঘন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

২৮ অক্টোবর, বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাতিষ্ঠানিক পর্বের সমাপ্তি শেষে সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সফলতার জন্য কেবল মেধা যথেষ্ট নয়; মেধার সাথে নিরলস কঠোর পরিশ্রমের সঠিক সমন্বয় ঘটাতে হবে। আগামী চার বছরের অধ্যবসায় ভবিষ্যতের কর্মজীবনকে সহজ ও সমৃদ্ধ করবে উল্লেখ করে তিনি মা-বাবার স্বপ্নপূরণে ব্রতী হওয়ার তাগিদ দেন। বায়োকেমিস্ট্রি বিভাগকে প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে তিনি শিক্ষার্থীদের দেশীয় গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান নবীনদের উদ্দেশ্যে বলেন, স্বপ্নের কোনো ভৌগোলিক বা পারিবারিক সীমানা থাকতে পারে না; আত্মবিশ্বাস থাকলে পারিবারিক সীমাবদ্ধতা কখনোই সফলতার অন্তরায় হয় না। যবিপ্রবির প্রাতিষ্ঠানিক পরিচয় শিক্ষার্থীদের আজীবন বহন করতে হবে উল্লেখ করে তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বিশ্বমঞ্চে তুলে ধরার অনুপ্রেরণা জোগান।

বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। এ সময় সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

 //ডিবিটেক/জেএনএইচ/এসএমই/এফওই//