সার্ভার দখলের ঝুঁকি
PHP-তে গুরুতর নিরাপত্তা ত্রুটি, সতর্ক করল ক্যাসপারস্কি
- PHP-তে শনাক্ত ত্রুটির ঝুঁকিমাত্রা ১০-এর মধ্যে ৯.২
- ত্রুটি কাজে লাগিয়ে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে হামলাকারীরা
- দ্রুত নিরাপত্তা হালনাগাদ প্রয়োগের আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি
বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ত্রুটিটির ঝুঁকিমাত্রা ১০-এর মধ্যে ৯.২। এটি কাজে লাগিয়ে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে সাইবার অপরাধীরা। সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রযোজ্য সর্বশেষ নিরাপত্তা হালনাগাদ প্রয়োগের আহ্বান জানিয়েছে ক্যাসপারস্কি।
ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়ার্ডপ্রেসের মতো কনটেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা এবং বিভিন্ন ব্যাকএন্ড সেবা পরিচালনায় পিএইচপি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে এ ভাষার নিরাপত্তা ত্রুটি বিশ্বজুড়ে অসংখ্য ওয়েব সার্ভারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (GReAT) এশিয়া-প্যাসিফিক (APAC) ও মধ্যপ্রাচ্য, তুরস্ক ও আফ্রিকা (META) অঞ্চলের গবেষণা কেন্দ্রের প্রধান সের্গেই লোজকিন বলেন, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা। ইন্টারনেটজুড়ে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়ার্ডপ্রেসের মতো কনটেন্ট ব্যবস্থাপনা ব্যবস্থা এবং বিভিন্ন ব্যাকএন্ড সেবা পরিচালনায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েব সার্ভার পিএইচপির ওপর নির্ভরশীল হওয়ায় ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি হয়ে উঠতে পারে এটি।
তিনি বলেন, ত্রুটিটির ঝুঁকিমাত্রা ১০-এর মধ্যে ৯.২ নির্ধারণ করা হয়েছে, যা এর গুরুতর প্রকৃতি তুলে ধরে। ত্রুটিটি সফলভাবে কাজে লাগানো গেলে দূরবর্তী অবস্থান থেকে আক্রান্ত ব্যবস্থায় কোড চালানো সম্ভব হতে পারে। সাইবার নিরাপত্তার ভাষায় একে রিমোট কোড এক্সিকিউশন (RCE) বলা হয়। এর মাধ্যমে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালানো কিংবা ওয়েব শেলের মতো ক্ষতিকর উপাদান স্থাপন করে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেতে পারে।
লোজকিনের মতে, বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত প্রযুক্তিতে এ ধরনের ত্রুটি দেখা দিলে সাইবার হামলার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে দ্রুত ও কার্যকরভাবে।
পিএইচপিনির্ভর অবকাঠামো ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত সম্ভব প্রযোজ্য নিরাপত্তা প্যাচ প্রয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ঝুঁকি কমানো এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সুরক্ষিত রাখতে দ্রুত ত্রুটি সংশোধন অত্যন্ত জরুরি।
তবে কোন নির্দিষ্ট PHP সংস্করণ বা সংস্করণগুলো আক্রান্ত, ত্রুটিটির শনাক্তকরণ নম্বর (CVE) কী এবং সংশ্লিষ্ট নিরাপত্তা প্যাচের বিস্তারিত কী—তা সরবরাহ করা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচিত PHP-এর আনুষ্ঠানিক নিরাপত্তা বিজ্ঞপ্তি ও নিজেদের ব্যবহৃত সংস্করণের জন্য প্রকাশিত হালনাগাদ যাচাই করে ব্যবস্থা নেওয়া।
//ডিবিটেক/আরআইসি/এসএমই/এমআইএসটি//





