বিদায়ী ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমানের দায়িত্ব হস্তান্তর ও মতবিনিময়
বাকৃবির কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মাসুম আহমাদ
- কৃষি অনুষদীয় ডিন কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
- অনুষদের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা কামনা
- শিক্ষক নেতা, প্রক্টর, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কীটতত্ত্ব বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাসুম আহমাদ।
৩১ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর সভার মাধ্যমে তিনি এ পদে আসীন হন। এ সময় অনুষদের বিদায়ী ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদের কাছে প্রাতিষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক নেতৃত্বের প্রতিনিধিরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাম্মাদুর রহমান, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবা জাহান এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ কৃষি অনুষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান তাঁর মেয়াদকালে অনুষদের সার্বিক অগ্রযাত্রায় সহকর্মীদের সক্রিয় সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে শিক্ষক-কর্মকর্তা সবাই আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন। নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদের অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক অবদান অনস্বীকার্য। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কৃষি অনুষদের একাডেমিক কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের কার্যকর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কৃষি অনুষদকে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ; সবার সহযোগিতায় অনুষদের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি সচেষ্ট থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
//ডিবিটেক/আরাফাত হোসাইন/এসএমপি/এমআইএসটি//





