নিরাপত্তা শঙ্কায় বিকল্প রুটে জেদ্দা-মদিনা ফ্লাইট চালু
দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
- ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
- সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়
- জরুরি প্রয়োজনে যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা রুটে বিকল্প ফ্লাইট চালু রাখা হয়েছে
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময়) বাড়ানো হয়েছে।
২৫ অক্টোবর, রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদ ও দাম্মাম রুট বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ওয়াইড-বডি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ফ্লাইটের সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্তের তথ্য সময়মতো জানানো হবে বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। টিকিট পুনর্বিন্যাস ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
//ডিবিটেক/বিটিএনএর/এসএমই/এমআইএসটি//





