ইমেইল পাঠানো থেকে কেনাকাটা করে দেবে মেটার নতুন এআই এজেন্ট
স্মার্টফোনের বিভিন্ন অ্যাপে প্রবেশ করে ব্যবহারকারীর পক্ষে ইমেইল পাঠানো, ভ্রমণের টিকিট বুকিং করা কিংবা পণ্য কেনাকাটার মতো জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট চালু করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘মিউজ’ নামের এই এআই সহকারীকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ গঠনের মূল হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপনী আয়ের বাইরে বিকল্প রাজস্ব তৈরির লক্ষ্যেই বিপুল অর্থ বিনিয়োগে এই প্রযুক্তি সামনে এনেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে নিজস্ব অ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি ব্যবহারের সুযোগ মিলবে।
যেভাবে কাজ করবে ও সেবা মূল্য
উন্মুক্ত এআই মডেল ‘ওপেনক্ল’-এর আদলে নির্মিত এই মিউজ এজেন্ট ব্যবহারকারীর ইমেইল, ক্যালেন্ডার, ডিজিটাল পেমেন্ট, স্বাস্থ্য সেবা ও কেনাকাটার অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। ক্লাউডভিত্তিক ভার্চুয়াল মেশিনে পরিচালিত হওয়ার কারণে ব্যবহারকারী সরাসরি ফোন না চালালেও এআই সহকারীটি ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে সক্ষম।
সাধারণ ব্যবহারের জন্য সেবাটির মৌলিক সংস্করণ বিনামূল্যে দেওয়া হলেও অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি মাসে ২০ ডলার এবং ১০০ ডলারের দুটি আলাদা গ্রাহকসেবা বা সাবস্ক্রিপশন রাখা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এআই প্রশিক্ষণে নিজেদের তথ্যের ব্যবহার বন্ধ রাখতে পারবেন।
নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল
ব্যবহারকারীর স্পর্শকাতর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে মেটার ভেতরেই বিস্তর বিতর্ক ও সংশয় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, মেটার কর্মীদের অভ্যন্তরীণ পরীক্ষায় মিউজ এআইয়ের বেশ কিছু গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
উদাহরণস্বরূপ, একটি ছবির খেলনা শনাক্ত করতে গিয়ে এআইটি নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত আইক্লাউডের গোপন ছবি প্রকাশ করে ফেলে। আবার দ্রুত বিক্রি হওয়া টিকিটের ওপর নজর রাখতে বললে কোনো কারণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এআইটির কাজ বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে।
তবে মেটার এআই প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ জানান, সুরক্ষার মান নিশ্চিত করতেই গত এপ্রিলে প্রযুক্তিটির পূর্বনির্ধারিত উন্মোচন পিছোনো হয়েছিল। শতভাগ নিখুঁত হওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব না হলেও ব্যবহারকারীর সুরক্ষার কথা ভেবে সিস্টেমে তদারকি চালানোর মতো পৃথক একটি পর্যবেক্ষণকারী এআই যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মেটা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





