কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ৭০৫০ এমএএইচ ব্যাটারি
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
- ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে
- ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা ও ৭০৫০ এমএএইচ ব্যাটারি
- ৮/১২৮ জিবি ও ৮/২৫৬ জিবি—দুই সংস্করণে পাওয়া যাবে ফোনটি
কার্ভড ডিসপ্লে ও ‘স্কাইলাইন’ ক্যামেরা ডিজাইনের ভিভো ভি৮০ লাইট ফাইভজি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ভিভো। ফোনটিতে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৭০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা, ৩০ আগস্ট, ভিভোর তথ্য অনুযায়ী, ভি৮০ লাইট ফাইভজি ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ডুয়াল-কার্ভড ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা রয়েছে। বাঁকানো প্রান্তের ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে আরামদায়ক গ্রিপের জন্য নকশাগত পরিবর্তন আনা হয়েছে।
ফোনটির পেছনে রয়েছে ‘স্কাইলাইন’ ক্যামেরা ডিজাইন। এতে আড়াআড়ি ক্যামেরা বিন্যাসের সঙ্গে আলোর প্রতিফলনভিত্তিক নকশা ব্যবহার করা হয়েছে। ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—দুই রঙে পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম রয়েছে। ভিভোর দাবি, সিস্টেম অপটিমাইজেশনের মাধ্যমে ফোনটির মসৃণ পারফরম্যান্স ৫০ মাস বা তার বেশি সময় ধরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
ক্যামেরা বিভাগে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর এবং ‘ক্লিয়ার নাইট পোর্ট্রেট’ মোড রয়েছে। কম আলোতে ছবি তোলার সময় এই মোড ব্যবহারের মাধ্যমে বিস্তারিত দৃশ্য ধারণের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে ভিভো।
ব্যাটারির দিক থেকে ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে ৭০৫০ এমএএইচের ‘ব্লুভোল্ট’ ব্যাটারি। ধুলা ও পানি প্রতিরোধে ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে।
বাংলাদেশের বাজারে ভি৮০ লাইট ফাইভজি দুটি সংস্করণে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।
এ ছাড়া ফোনটি কেনায় ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে ভিভো।
//ডিবিটেক/এমআইএস/এসএমই//





