অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে দুই দিনব্যাপী নানা কর্মসূচি

চুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের জমকালো আয়োজন

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস।
  • প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
  • কর্মসূচির মধ্যে রয়েছে ক্লাব ফেস্ট, জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক লেকচার, ওয়াসার পানি সংযোগের ভিত্তিপ্রস্তর এবং বাস হস্তান্তর।

চুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের জমকালো আয়োজন
৩০ আগষ্ট, ২০২৬ ২০:৩০  

বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদযাপিত হতে যাচ্ছে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত দুই দিনব্যাপী নানা উদ্ভাবনী ও উৎসবমুখর কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

৩০ আগস্ট চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং মিডিয়া কমিটির সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এসব তথ্য নিশ্চিত করেন।

উৎসবের প্রথম দিন ৩১ আগস্ট ক্লাব ফেস্টের পাশাপাশি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (UTP)-এর সহযোগিতায় জ্বালানি বিষয়ক একটি উচ্চপর্যায়ের সেমিনার ও লেকচার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং মূল রিসোর্স পার্সন থাকবেন ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার।

দ্বিতীয় দিন ১ সেপ্টেম্বর চুয়েট দিবস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। এ দিন আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রদত্ত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ৬টি বাসের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠিত হবে। বিকেল ও সন্ধ্যায় প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে। 

//ডিবিটেক/ এআইএম/এসএমই/এমআইএসটি//