শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সিনেট সভায় ঘোষণা
চবিতে চালু হচ্ছে এআই ও ডেটা সায়েন্স
- চবিতে এআই ও ডেটা সায়েন্স চালুর পরিকল্পনা
- শনিবার সিনেট সভায় উপাচার্যের ঘোষণা
- শিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক মানের করার লক্ষ্য
চট্টগ্রাম: আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডেটা সায়েন্স-এর মতো যুগোপযোগী বিভাগ বা ইনস্টিটিউট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
৮ আগস্ট, শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় লিখিত বক্তব্যে উপাচার্য জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আধুনিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে এআই ও ডেটা সায়েন্স-এর মতো আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমান্তরালে এগিয়ে যাওয়ার জন্য যুগোপযোগী বিভাগ/ইনস্টিটিউট চালুর পরিকল্পনা করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।” উপাচার্য আশা প্রকাশ করে বলেন, নতুন এসব বিভাগ ও ইনস্টিটিউট চালু হলে শিক্ষার্থী ও গবেষকদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
//ডিবিটেক/বিএনও/এসএমই//





