দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগের কথা জানালেন ড. আ ন ম এহছানুল হক মিলন

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার
২১ জুন, ২০২৬ ১৮:৫৩  

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পাঠ্যক্রমে তা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ জুন, রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষা উন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারে দুই দেশের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষাখাতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

পরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এক হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।

এ সময় শিক্ষাসচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এমএস/এসআই//