পরিচয় গোপন রেখে বেনামী অভিযোগ নথিভুক্তকরণে নতুন ক্রাউডসোর্সিং সাইট

চাঁদাবাজির তথ্য সংগ্রহে চালু হলো চান্দাবিডি প্ল্যাটফর্ম

  • 'ঘুষ ডট সাইট'-এর ধারাবাহিকতায় বেনামে চাঁদাবাজির তথ্য সংগ্রহে চালু হলো চান্দাবিডি ডটকম
  • অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই; নাম, ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য ফিল্টারে কঠোর মডারেশন
  • প্রথম দিনেই ৯টি অভিযোগে প্রায় ১০ লাখ টাকার আর্থিক দাবির তথ্য পাবলিক লেজারে উন্মুক্ত

চাঁদাবাজির তথ্য সংগ্রহে চালু হলো চান্দাবিডি প্ল্যাটফর্ম
২৮ আগষ্ট, ২০২৬ ১৪:৪৮  

দেশে অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ও চাঁদাবাজির তথ্য বেনামে সংগ্রহের (ক্রাউডসোর্সিং) লক্ষ্যে 'চান্দাবিডি ডটকম' (chandabd.com) নামের একটি নতুন নাগরিক অনলাইন প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। পূর্বে চালু হওয়া 'ঘুষ ডট সাইট' (ghush.site)-এর সাফল্যের অনুপ্রেরণায় তৈরি এই ওয়েবসাইটে দেশের বিভিন্ন খাতের চাঁদাবাজি ও আর্থিক হয়রানির প্রবণতা শনাক্তকরণে ওপেন পাবলিক লেজার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের শতভাগ গোপনীয়তা বজায় রাখার বিশেষ প্রযুক্তিগত কাঠামো রাখা হয়েছে। ব্যবহারকারীদের কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি কিংবা নাম, ই-মেইল, ফোন নম্বর ও এনআইডি দেওয়ার সুযোগ রাখা হয়নি। ঘটনা প্রকাশের আগে একটি সুনির্দিষ্ট মডারেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষমূলক তথ্য বা ফোন নম্বর ফিল্টার করে সরিয়ে ফেলা হয়। এরপর তা স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত লেজারে প্রকাশিত হয়।

২৭ আগস্ট, বৃহস্পতিবার, চালু হওয়ার প্রথম দিনেই প্ল্যাটফর্মটিতে মোট ৯টি আলাদা অভিযোগ জমা পড়ে, যেখানে মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাঁদা দাবির চিত্র উঠে আসে। এর মধ্যে ঢাকা অঞ্চলের মিরপুর ৬০ ফুট এলাকায় নির্মাণকাজে ১ লাখ টাকা, পূর্ব শেওড়াপাড়ায় ইউটিলিটি পুনঃসংযোগে ১০ হাজার টাকা, টঙ্গীতে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত ৫০০ টাকা এবং পল্টনে বর্জ্য সেবার নামে অতিরিক্ত ২০০ টাকা দাবির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

প্ল্যাটফর্মটির নির্মাতারা জানান, চান্দাবিডি ডটকম কোনো বিচারিক বা আদালতগ্রাহ্য কর্তৃপক্ষ নয়; বরং এটি নাগরিক সচেতনতা ও বিভিন্ন খাতে চাঁদাবাজির ডেটাভিত্তিক নিয়মিত প্যাটার্ন উন্মোচনের উন্মুক্ত পাবলিক রেকর্ড হিসেবে কাজ করবে। ওয়েবসাইটটিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগ এবং ব্যবসা, আবাসন, পরিবহন ও স্থানীয় সেবার খাতভিত্তিক অভিযোগ অনুসন্ধানের সুবিধা রয়েছে।
//ডিবিটেক/এটিএস/এমএসআই//