চট্টগ্রামে ডেনমার্কের ৫৫ কোটি ডলার বিনিয়োগে পিপিপি মডেলের মেগা প্রকল্প
লালদিয়া টার্মিনালের আধুনিকায়ন ও এসটিএস প্রযুক্তি নির্মাণ শুরু
- আধুনিক বন্দর পরিকাঠামো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধিতে লালদিয়া প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা
- ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি পিপিপি বিনিয়োগে যুক্ত হচ্ছে ৬১৫ মিটার জেটি ও ০.৮ মিলিয়ন টিইইউএস সক্ষমতা
- অত্যাধুনিক শোর-টু-শিপ (STS) ক্রেন, অটোমেটেড টার্মিনাল ম্যানেজমেন্ট ও স্মার্ট গেট প্রযুক্তির সমন্বয়
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং বন্দর ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করার লক্ষ্যে ডেনমার্কের প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল ৩০ আগস্ট রবিবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্প সাইটে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলে বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি (প্রায় ৫৫ কোটি ডলার)। প্রকল্পের নকশা অনুযায়ী এতে থাকছে ৬১৫ মিটার দীর্ঘ জেটি, আধুনিক কনটেইনার ইয়ার্ড, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) সম্বলিত স্মার্ট অটোমেটেড গেটওয়ে এবং সমন্বিত টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS)। টার্মিনালটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় ০.৮ মিলিয়ন টিইইউএস (TEUs)।
কার্গো লোডিং ও আনলোডিংয়ে দীর্ঘসূত্রতা দূর করতে টার্মিনালটিতে স্থাপন করা হচ্ছে পরিবেশবান্ধব ও বিদ্যুতচালিত অত্যাধুনিক শোর-টু-শিপ (STS) ক্রেন এবং রাবার টায়ার্ড গ্যান্ট্রি (RTG) ক্রেন প্রযুক্তি। এতে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে কমবে এবং গভীর ড্রাফটের আধুনিক কনটেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা নিশ্চিত হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই সবুজ ও স্মার্ট বন্দর পরিকাঠামো দেশের সমুদ্রবাণিজ্য, সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং আন্তর্জাতিক লজিস্টিকস সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও নীতি-নির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রকৌশলী, প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
//ডিবিটেক/কেএবিপি/এসএমই/এমআইএস//





