উলানবাটরে রিমোট সেন্সিং, জিআইএস ও ক্লিন এনার্জি প্রযুক্তিতে দ্বিপাক্ষিক আলোচনা

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর ৪টি বৈঠক

  • মরুকরণ ও খরা মোকাবিলায় রিমোট সেন্সিং, জিআইএস এবং ড্রট আর্লি ওয়ার্নিং প্রযুক্তির প্রয়োগে গুরুত্ব
  • ভারত, মঙ্গোলিয়া ও আইওএম-এর সঙ্গে ব্যাটারি স্টোরেজ, নবায়নযোগ্য জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা
  • জলবায়ু সহনশীলতা ও বাস্তুতন্ত্র সুরক্ষায় দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক ও যৌথ গবেষণার উদ্যোগ

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর ৪টি বৈঠক
২৯ আগষ্ট, ২০২৬ ১২:১৩  

জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (UNCCD COP17)-এর সাইডলাইনে পরিবেশবান্ধব প্রযুক্তি, ডেটা ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা জোরদারে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত সম্মেলন সূত্রে এ তথ্য জানা যায়।

বৈঠকগুলোতে ভূমি অবক্ষয় রোধ, খরা ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্যাটারি স্টোরেজসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং স্যাটেলাইট ডেটানির্ভর রিমোট সেন্সিং ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা হয়। পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "জলবায়ু পরিবর্তন ও ভূমি অবক্ষয়ের মতো আন্তঃসীমান্ত পরিবেশগত সংকট মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধি করা জরুরি। বাংলাদেশ তার সফল কমিউনিটিভিত্তিক অভিযোজন মডেল তুলে ধরার পাশাপাশি অংশীদারদের উন্নত প্রযুক্তি থেকে শিখতে আগ্রহী।"

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদবের সঙ্গে বৈঠকে সুন্দরবন ও উপকূলীয় বাস্তুতন্ত্র সুরক্ষায় রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির সমন্বিত ব্যবহার, সোলার পাওয়ার, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) এবং ভূমি-সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি বিনিময়ে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

মঙ্গোলিয়ার পরিবেশমন্ত্রী সান্দাগ-ওচির সেন্ডের সঙ্গে বৈঠকে মরুকরণ নিয়ন্ত্রণ, ড্রট আর্লি ওয়ার্নিং সিস্টেম (খরা পূর্বসতর্কীকরণ প্রযুক্তি), যৌথ গবেষণা ও স্যাটেলাইট ম্যাপিং সহযোগিতা এগিয়ে নিতে সমঝোতা স্মারক (MoU) প্রণয়নের বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাৎসেতসেগ বাতমুনখের সঙ্গে বাণিজ্য ও দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে জলবায়ুজনিত স্থানচ্যুতি ও প্রযুক্তিভিত্তিক তথ্য ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
//ডিবিটেক/টিএইচইপি/এনএপি/এমআইএস//