রকেট ও স্পেস রোবোটিকস মেধার লড়াইয়ে ৩৩ খুদে শিক্ষার্থী পুরস্কৃত

এআইইউবিতে স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে

  • এআইইউবি ক্যাম্পাসে ২০২ জন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো ৩য় স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড
  • সৌরজগৎ, স্যাটেলাইট, মার্স রোভার ও আধুনিক মহাকাশ প্রযুক্তির ওপর ৪টি ক্যাটাগরিতে পরীক্ষা গ্রহণ
  • অনলাইন বাছাই পেরিয়ে আসা দেশ-বিদেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ৩৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

এআইইউবিতে স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে
৩০ আগষ্ট, ২০২৬ ১৭:৩২  

শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের কৌতূহল ও প্রযুক্তিগত উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো তৃতীয় ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ২৯ আগস্ট, শনিবার দিনব্যাপী এ চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনলাইন বাছাই পর্বের একাধিক ধাপ পেরিয়ে দেশ-বিদেশের মোট ২০২ জন শিক্ষার্থী এই জাতীয় ফাইনালে অংশ নেয়।

আয়োজকেরা জানান, ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের বয়স ও শেখার স্তর অনুযায়ী চারটি পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি পরিচালিত হয়। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, রকেট্রি ও স্যাটেলাইটের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে সিনিয়র শিক্ষার্থীদের জন্য মহাকাশ রোবোটিকস, মঙ্গল গ্রহের রোভার, স্পেস স্টেশন এবং ভবিষ্যৎ মহাকাশ প্রকৌশলের মতো আধুনিক প্রযুক্তিগত বিষয় নির্ধারণ করা হয়। দিনব্যাপী মূল্যায়ন শেষে ৪টি ক্যাটাগরিতে মোট ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিক পুরস্কার ও মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, "আজকের এই অনুসন্ধিৎসু শিশুরাই আগামী দিনের প্রকৌশলী, বিজ্ঞানী ও উদ্ভাবক। মহাকাশ বিজ্ঞানের মতো জটিল ও অগ্রসর বিষয়কে আনন্দের সঙ্গে শেখার সুযোগ করে দিলে তাদের মেধা আরও কার্যকরভাবে বিকশিত হয়। একাডেমিক অংশীদার হিসেবে এ জাতীয় আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে এআইইউবি অত্যন্ত আনন্দিত।"

বিশেষ অতিথি হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আশরাফ উদ্দিন বলেন, "মহাকাশ ও পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ শৈশব থেকেই তৈরি হওয়া প্রয়োজন। এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে গবেষণাধর্মী চিন্তাভাবনা করতে শেখাবে।" স্পেস ইনোভেশন ক্যাম্পের সভাপতি আরিফুল হাসান সমাপনী বক্তব্যে জানান, আগামী দিনে দেশের নতুন প্রজন্মকে মহাকাশ প্রযুক্তির বৈশ্বিক মঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।
//ডিবিটেক/এইচপিও /এমআইএস/এমআইএসটি//