সনি সেন্সর ও এআই ক্যামেরা ফিচারে নতুন ৫জি স্মার্টফোন
রং বদলানো প্রযুক্তিতে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
- তাপমাত্রা ও ইউভি আলোতে রঙ বদলানোর প্রযুক্তিসহ উন্মোচিত হলো নতুন স্মার্টফোন
- ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর ও এআই ইমেজিং টুলে স্বয়ংক্রিয় ছবি সম্পাদনার সুবিধা
- পেছনের অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবে যুক্ত হয়েছে গেমিং ও এনএফসি ইমোজি প্রযুক্তি
আধুনিক লাইফস্টাইল ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের বাজারে এসেছে নতুন স্মার্টফোন 'ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি'। ডিভাইসটিতে দৃষ্টি নন্দন বাহ্যিক কাঠামোর পাশাপাশি উন্নত এআই ও হার্ডওয়্যার প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে বলে ২৭ আগস্ট, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এতে জানানো হয়, প্রকৌশলগত দিক থেকে ফোনটিতে যুক্ত করা হয়েছে বিশেষ 'ডাইনামিক শাইন ডিজাইন'। এর থার্মো অরেঞ্জ মডেলটি পরিবেশের তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে রঙ বদলাতে সক্ষম এবং মিরাজ গ্রিন মডেলে ইউভি (UV) আলোর সংস্পর্শে বিশেষ টেক্সচার দৃশ্যমান হয়। এছাড়া ডেপথ রিং হোয়াইট সংস্করণে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং পেছনের অংশে রয়েছে জ্যামিতিক নকশার 'সুগার কিউব' ক্যামেরা মডিউল। ডিভাইসটির পেছনের 'অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব' ডিসপ্লে দিয়ে নোটিফিকেশন প্রদর্শন ও লাইটিং নিয়ন্ত্রণের পাশাপাশি ইন্টারেক্টিভ গেম খেলা যায় এবং এনএফসি (NFC) সংযোগের মাধ্যমে বন্ধুদের দ্রুত ইমোজি পাঠানো সম্ভব।
সূত্রটি বলছে, অপটিক্যাল প্রযুক্তিতে ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরির জন্য এতে যুক্ত রয়েছে একাধিক কার্যকর এআই ইমেজিং সমাধান।
বলা হচ্ছে, 'এআই লাইভ ফটো' ফিচারের মাধ্যমে স্থির চিত্রে মোশন ইফেক্ট যোগ করা যায়। ছবি ফ্রেমের পরিধি বাড়াতে রয়েছে 'এআই স্টুডিও এক্সটেন্ডার' এবং ছবির অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অবজেক্ট এক স্পর্শে অপসারণে 'এআই স্টুডিও ইরেজার' টুল ব্যবহৃত হয়েছে। এছাড়া জটিল অ্যাপ ব্যবহার ছাড়াই 'ওয়ান-ট্যাপ এআই এডিটিং' দিয়ে দ্রুত ছবি পরিমার্জন করার প্রযুক্তিগত সুবিধাও দেওয়া হয়েছে ফোনটিতে।
//ডিবিটেক/আইএইচএম/এনএপি/এমআইএস//





