ওয়াশিংটনে রোসাটম মহাপরিচালকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর পর্যালোচনা সভা

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহে রোসাটমের দ্বিপাক্ষিক বৈঠক

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় উদ্যোগ
  • শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি, দক্ষ জনবল উন্নয়ন ও প্রকৌশল সহযোগিতায় রাশিয়ার যৌথ প্রতিশ্রুতি
  • ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রকল্পটির ওপর গুরুত্বারোপ

রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহে রোসাটমের দ্বিপাক্ষিক বৈঠক
২৭ আগষ্ট, ২০২৬ ২২:০৯  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের সঙ্গে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬ আগস্ট বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (Rosatom)-এর সহযোগী প্রতিষ্ঠান Rosatom Energy Projects Joint-Stock Company-এর মহাপরিচালক আন্দ্রে রোঝদেস্তভিন (Andrey Rozhdestvin)-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি, প্রকল্পের অবশিষ্ট প্রকৌশল কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত কারিগরি প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা রাখবে।" তিনি প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর কারিগরি সমন্বয়ের ওপর জোর দেন।

এ সময় রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রে রোঝদেস্তভিন রূপপুর প্রকল্পের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সফলভাবে এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, উন্নত প্রযুক্তিগত সহযোগিতা, পারমাণবিক প্রকৌশলে দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কারিগরি কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেএনও/এমএএম/এমআইএস//