তথ্য গোপনীয়তা ও আসক্তি মামলার নিষ্পত্তিতে অ্যালগরিদমে পরিবর্তন আনছে টেক জায়ান্ট
শিশুদের সুরক্ষায় মেটার ১৬.৬৮ বিলিয়ন ডলারের রেকর্ড সমঝোতা
- শিশুদের আসক্তি তৈরি ও ডেটা চুরির অভিযোগে ২৯টি অঙ্গরাজ্যের মামলায় ১৬.৬৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে দৈনিক সময়সীমা, নাইট-টাইম রেস্ট্রিকশন ও অ্যালগরিদম পরিবর্তন
- কোপ্পা আইন লঙ্ঘন এবং সম্মতিহীন ডেটা দিয়ে এআই মডেল প্রশিক্ষণের অভিযোগের নিষ্পত্তি
শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে পরিকল্পিতভাবে আসক্ত করা, নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর দাবি এবং অভিভাবকদের সম্মতি ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগ নিষ্পত্তিতে ১ হাজার ৬৬৮ কোটি (১৬.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার পর্যন্ত পরিশোধে সম্মত হয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দেশটির ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা ঐতিহাসিক যৌথ মামলার বিচার চলাকালে এই সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। ২৬ আগস্ট, বুধবার রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
ঐতিহাসিক এই আইনি চুক্তির শর্তানুযায়ী, মেটা তাদের অ্যালগরিদমে প্রযুক্তিগত পরিবর্তন আনার পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে অপ্রাপ্তবয়স্ক ও কিশোর ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দৈনিক স্ক্রিন-টাইম সীমা নির্ধারণ, স্বয়ংক্রিয় নাইট-টাইম রেস্ট্রিকশন এবং উন্নত প্যারেন্টাল কন্ট্রোল টুলস বাধ্যতামূলক করতে সম্মত হয়েছে। সমঝোতা চূড়ান্ত হলেও ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে বিপুল অংকের এই সমঝোতার খবরে প্রাক-বাজার লেনদেনে মেটার শেয়ারদর প্রায় ৪.৪ শতাংশ বৃদ্ধি পায়।
মামলায় মূল অভিযোগ ছিল মেটা শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (COPPA) সরাসরি লঙ্ঘন করেছে। ব্যবহারকারীর বয়স ১৩ বছরের নিচে জেনেও অভিভাবকদের সম্মতি ব্যতিরেকে তাদের অবস্থান, ব্যক্তিগত মেসেজ ও আচরণগত ডেটা সংগ্রহ করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এমনকি এসব গোপন ডেটা মেটার নিজস্ব মেশিন লার্নিং অ্যালগরিদম এবং জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানো হয়েছিল বলে আদালত নথিতে প্রমাণ উপস্থাপন করা হয়।
মেটা ছাড়াও শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও মনস্তাত্ত্বিক আসক্তি তৈরির অভিযোগে স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ, ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেট এবং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ ইভন গনজালেস রজার্সের আদালতে এসব কেন্দ্রীয় মামলার সমন্বিত বিচার চলছে। এর আগে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মামলায় হেরে যাওয়ার পর জুরি মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করে এবং পরবর্তীতে আদালত আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেয়। এছাড়া লস অ্যাঞ্জেলেসের একটি জুরি শিশুদের মানসিক ক্ষতির দায়ে মেটা ও গুগলকে সম্মিলিতভাবে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দেয়।
//ডিবিটেক/ আইএমএস/এমএসআই//





