বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষণা সেল চালুর উদ্যোগ

বৈশ্বিক প্রযুক্তি বিনিময় ও যৌথ গবেষণায় ইউজিসির নতুন কৌশল

  • বৈশ্বিক সহযোগিতা বাড়াতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস' চালুর উদ্যোগ
  • যৌথ গবেষণাগার স্থাপন, প্রযুক্তি বিনিময় এবং প্রবাসী বিশেষজ্ঞদের নিয়ে একাডেমিক নেটওয়ার্ক গঠন
  • ইরাসমাস প্লাস ইনফো সেশনে উচ্চশিক্ষার গুণগত মান ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিকীকরণের তাগিদ

বৈশ্বিক প্রযুক্তি বিনিময় ও যৌথ গবেষণায় ইউজিসির নতুন কৌশল
২৫ আগষ্ট, ২০২৬ ১৫:৫৪  

দেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সমন্বিত করতে এবং যৌথ গবেষণাগার ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস' চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২৫ আগস্ট, মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।

ইউজিসি চেয়ারম্যান জানান, এই কাঠামোর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রযুক্তিগত যোগাযোগ জোরদার, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ বা দ্বৈত ডিগ্রি কর্মসূচি এবং আন্তর্জাতিক গবেষণা অনুদান ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে। তিনি বলেন, "আমরা কেবল বিদেশে শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য রাখছি না; মূল লক্ষ্য হলো উন্নত বিশ্বের সঙ্গে যৌথ ল্যাবরেটরি স্থাপন, বৈশ্বিক প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্থানীয় বাস্তব সমস্যাগুলোর আধুনিক প্রকৌশল ও বিজ্ঞানসম্মত সমাধান খুঁজে বের করা।"

মেধাবী গবেষকদের অবদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটিকে কেবল 'ব্রেন ড্রেন' হিসেবে না দেখে 'ব্রেন সার্কুলেশন' পদ্ধতিতে রূপ দিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী, শিক্ষক ও গবেষকদের নিয়ে একটি শক্তিশালী 'একাডেমিক ডায়াসপোরা নেটওয়ার্ক' গড়ে তোলা হচ্ছে। এর ফলে বিদেশের ল্যাবে কর্মরত বিশেষজ্ঞরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা তত্ত্বাবধান ও যৌথ প্রকল্পে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচি বৈশ্বিক গবেষণা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক সুযোগ তৈরি করছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক ইন্টারন্যাশনাল অফিস আন্তর্জাতিক সহযোগিতাগুলোকে ব্যক্তি-নির্ভর না রেখে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী, সচিব ড. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জেসমিন পারভীন এবং ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের এশিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আশিকুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আইএইচইউপি/এসএমই//