নোবিপ্রবিতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

  • • পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ।
  • • জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি।
  • • তথ্য-প্রমাণসহ নিরপেক্ষ তদন্ত ও ক্যাম্পাস নিরাপত্তার দাবি।

নোবিপ্রবিতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
১৯ আগষ্ট, ২০২৬ ১৭:০৯  

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তৌফিক আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। এতে গতকাল ছাত্রদলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা কালের কণ্ঠের প্রতিনিধি সাদমান রাকিন, মানবজমিনের প্রতিনিধি মাহী ছিদ্দীকী সিয়াম এবং প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করা হয়। মানববন্ধন শেষে ক্যাম্পাসের ৩৩ জন সাংবাদিক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর কাছে আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেন।

​

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আমার দেশের প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে দিনব্যাপী সংঘর্ষের পরিস্থিতি তৈরির পেছনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি একটি বড় কারণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি এতটা দূর গড়াত না; যা তাদের সাংগঠনিক ব্যর্থতা। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​কালের কণ্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। জুলাই আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করার পর ছাত্রদলের এমন ভূমিকা অনাকাঙ্ক্ষিত। তিনি ঘটনার পর্যাপ্ত তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে তুলে ধরার কথা উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

​এ সময় আরও বক্তব্য দেন বার্তা বাজারের প্রতিনিধি ফাহাদ হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি সাজিদ খান, ভোরের বাণীর প্রতিনিধি নাঈমুর রহমান, চ্যানেল ২৪-এর প্রতিনিধি কাউসার আহমেদ এবং মুক্ত কলমের প্রতিনিধি ফাইজা আফরোজ প্রমি।

//ডিবিটেক/এসএইচএম/এমআইএস//