সপ্তাহে তিন দিন দুইটি করে ফ্লাইট চালাবে বেসরকারি এয়ারলাইন্সটি
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার এটিআর ফ্লাইট
- ৯ সেপ্টেম্বর থেকে এটিআর ৭২-৬০০ উড়োজাহাজে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পুনরায় শুরু
- শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন ২টি করে সপ্তাহে মোট ৬টি ফ্লাইট পরিচালনা
- ওয়ান-ওয়ে সর্বনিম্ন ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া নির্ধারণ ১১,৪৯৮ টাকা
অভ্যন্তরীণ আকাশপথে আধুনিক প্রকৌশল ও যাত্রীসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-যশোর রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার থেকে এ রুটে ৭২ আসনের আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির এটিআর ৭২-৬০০ (ATR 72-600) উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
২৫ আগস্ট, মঙ্গলবার দেয়া নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—দিনে দুইটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতিটি নির্ধারিত দিনে প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে অবতরণ করবে এবং যশোর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইটটি প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে এবং ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
ঢাকা-যশোর রুটে ট্যাক্স ও সারচার্জসহ সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৪ সালের ১৭ জুলাই এই রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমেই ইউএস-বাংলা তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল।
বর্তমানে সংস্থাটি ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যাত্রীদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
//ডিবিটেক/ পিআর/এসএমই//





