প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান

প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান
২৩ মে, ২০২৬ ১৯:১০  

দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২২মে, শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রকৌশলীদের অবদান আরও বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, বরং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠান।

আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল)।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসই/ইকে//