স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারিতে বদলি-পদায়ন

লটারিতে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি

লটারিতে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি
১৬ আগষ্ট, ২০২৬ ১৯:৩৩  

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।
রবিবার, ১৬ আগস্ট সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এসব বদলি ও পদায়ন করা হয়।

লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম)দের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।
একই প্রক্রিয়ায় উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম)দের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারি আয়োজন করা হয়। লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।
ধাপে ধাপে লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়নের এই প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ বা প্রভাবের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে পদায়নের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বদলি-পদায়নের প্রশাসনিক কার্যক্রমের বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক আদেশ ও পরবর্তী প্রক্রিয়ার ওপর।

//ডিবিটেক/ডিপিও/ এমআইএস