জ্বালানি নিরাপত্তায় আধুনিক প্রকৌশল প্রযুক্তির বহুমুখী ব্যবহার

আইইবিতে প্রকৌশলীদের জাতীয় সেমিনারে স্মার্ট গ্রিড ও এআই ব্যবহারের তাগিদ

  • ​দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য শক্তি ও আইওটি-এআই প্রযুক্তির ব্যবহারে জ্বালানি নিরাপত্তার তাগিদ।
  • ​অপচয় রোধে কারিগরি পদে দক্ষ প্রকৌশলী পদায়ন ও বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্যতা সমীক্ষা পর্যালোচনার দাবি।
  • ​জাতীয় জ্বালানি নীতিতে ব্যবহারের জন্য আইইবির সেমিনার থেকে সুপারিশমালা প্রণয়ন ও মন্ত্রণালয়ে প্রেরণ।

আইইবিতে প্রকৌশলীদের জাতীয় সেমিনারে স্মার্ট গ্রিড ও এআই ব্যবহারের তাগিদ
২৪ আগষ্ট, ২০২৬ ২৩:০২  

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ, অপচয় রোধ এবং স্মার্ট গ্রিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রকৌশল প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা। ২৪ আগস্ট, ২০২৬ সোমবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের কাউন্সিল হলে আয়োজিত ‘Energy Security in Bangladesh: Understanding the Challenges and Shaping the Way Forward’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সেমিনারটির আয়োজন করে আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার।

​সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া। তিনি বলেন, "অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অপরিহার্য। অভ্যন্তরীণ গ্যাসের মজুত হ্রাস, আমদানিনির্ভরতা এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি আমাদের প্রধান চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলায় সৌর, বায়ু ও জলবিদ্যুৎ সম্প্রসারণের পাশাপাশি শিল্প ও পরিবহন খাতে স্মার্ট গ্রিড, এনার্জি স্টোরেজ, ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল মনিটরিং প্রযুক্তি নিশ্চিত করতে হবে।" তিনি দক্ষ প্রকৌশল নেতৃত্ব ও আঞ্চলিক জ্বালানি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন।

​বিশেষ অতিথির বক্তব্যে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ বলেন, "জ্বালানি সংকটের অন্যতম কারণ অদক্ষ ব্যবহার ও পরিকল্পনাগত অপচয়। সংকটের মধ্যে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করা এবং কারিগরি জ্ঞানহীন জনবলের বদলে গুরুত্বপূর্ণ কারিগরি পদে অভিজ্ঞ প্রকৌশলীদের পদায়ন করা জরুরি।" তিনি অতীতে যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি মূল্যায়ন ছাড়া স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালন ব্যয় এবং আর্থিক প্রভাব পর্যালোচনার জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান; যেখানে অনিয়ম ও অপচয়ের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

​আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল স্বাগত বক্তব্যে জানান, আইইবি ১৮টি কেন্দ্র, ৩৫টি উপকেন্দ্র, ১৪টি ওভারসিজ চ্যাপ্টার, ৭টি প্রকৌশল বিভাগ, ২টি প্রকৌশল চ্যাপ্টার ও ৫টি বোর্ডের মাধ্যমে কাজ করছে। সেমিনারের সুপারিশগুলো জাতীয় নীতি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

​আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী শফিউল আজম ফাহিমের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান উদ্দিন এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব করপোরেট প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. সাজিদুল ইসলাম।

​অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। এ সময় আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী ও প্রকৌশলী মো. নূর আমিনসহ জ্যেষ্ঠ প্রকৌশলী ও কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।

​//ডিবিটেক/এসএফসি/এমএসআই//